ঈদে বগুড়ায় মাদক ঠেকানোর উদ্যোগ ভেস্তে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ সামনে রেখে বগুড়ায় মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তদের তৎপরতা বেড়েছে। হিলি, জয়পুরহাট, নওগাঁসহ সীমান্ত পথে বিপুল পরিমাণ ফেনসিডিল, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বগুড়া শহরে আসছে। মাদক ব্যবসা বন্ধে পুলিশ ও র‌্যাব শহরের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। এর পরও মাদক ব্যবসা বন্ধ হচ্ছে না।অনুসন্ধানে জানা গেছে, ঈদে মাদক ব্যবসা বন্ধ রাখার জন্য র‌্যাব ও পুলিশের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও তা কাজে আসছে না। ঈদ উপলক্ষে প্রতিদিনই সীমান্ত পথ হয়ে বাস, ট্রাক, প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে মাদক এনে শহরের চিহ্নিত মাদক বিক্রির স্থানগুলোতে মজুদ করা হচ্ছে।গত মঙ্গলবার সরেজমিনে বগুড়া শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা, রেলওয়ে বস্তি, কলোনি বাজার ও চেলোপাড়ায় মাদকদ্রব্য বিক্রি করতে দেখা গেছে। বগুড়া জেলা জজ আদালতের আইনজীবী আবদুল লতিফ পশারী জানান, পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান চালালেও শহরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি অব্যাহত রয়েছে। এ কারণে পুলিশ ও র‌্যাবকে এসব বন্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। বগুড়ার পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক জানান, ঈদের সময় চাহিদা বেড়ে যাওয়ায় শহরের চিহ্নিত মাদক বিক্রির স্থানগুলোকে ব্যবসায়ী ও চোরাকারবারিরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে। এসব অপতৎপরতা ঠেকাতে এবার পুলিশের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক বিক্রির স্থানগুলোতে তিন সপ্তাহ ধরে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন ও বিক্রির দায়ে এ পর্যন্ত প্রায় ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব বগুড়া ক্যাম্পের অধিনায়ক মেজর এ জেড এম সাকিব সিদ্দিকী জানান, এবারের ঈদে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের এসব অপতৎপরতা বন্ধে র‌্যাবের একাধিক বিশেষ দলকে মাঠে নামানো হয়েছে। পাশাপাশি পুলিশের সঙ্গে সমন্বয় করে র‌্যাব সদস্যরা মাদকবিরোধী যৌথ অভিযানে অংশ নিচ্ছেন।