ঈদে বরিশাল-ঢাকা নৌপথ ঝুঁকিমুক্ত রাখতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে বরিশাল-ঢাকা নৌপথ ঝুঁকিমুক্ত রাখতে ট্রলার, বাল্কহেড ও কার্গো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বিআইডব্লিউটিএ। ঈদের ১০ দিন আগে থেকে ঈদের ১০ দিন পর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় জানায়, ঈদে যাত্রীদের কথা বিবেচনায় রেখে নৌপরিবহন মন্ত্রণালয় বিশেষ কিছু সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের মধ্যে অন্যতম হলো, ট্রলার ও কার্গো শুধু দিনে চলতে পারবে। তবে বাল্কহেড দিনে-রাতের কোনো সময়ই চলতে পারবে না। ১৬ সেপ্টেম্বর থেকে আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় নির্দেশ অমান্য করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ জানায়, ঈদের সময় বরিশাল-ঢাকা নৌপথে সরকারি-বেসরকারি মিলে ১৫টি বিলাসবহুল লঞ্চ বিশেষ সেবা দেবে। পাশাপাশি দিবা যাত্রীসেবায় যোগ হয়েছে গ্রিন লাইনের দ্রুতগতির দুটি জাহাজ। যাত্রীদের চাপ সামাল দিতে কোনো সমস্যা হবে না।
বিআইডব্লিউটিসি বরিশালের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে বিআইডব্লিউটিসির বিশেষ সেবাসহ ছয়টি জাহাজ চলাচল করবে। পিএস টার্ন, পিএস মাহসুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা ও জাহাজ সার্ভিসে এমভি মধুমতি, এমভি বাঙালি নিয়ে ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ সেবা চালু থাকবে।
বিআইডব্লিউটিএ বরিশালের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার প্রথম আলোকে বলেন, নৌপথ ঝুঁকিমুক্ত রাখতে ইতিমধ্যে গত বৃহস্পতিবার ঢাকায় সভা হয়েছে। ১৫ সেপ্টেম্বর বরিশালেও সভা হবে। যাত্রীদের নিরাপত্তার দিক বিচেনায় রেখে ঈদে নৌপথে সব ধরনের বাল্কহেড ও পণ্যবাহী কার্গো চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।