ঈদে বরিশাল-ঢাকা নৌপথে বাল্কহেড কার্গো চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখী ও কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে বরিশাল-ঢাকা নৌপথে বালুবাহী বাল্কহেড ও কার্গো জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঈদের ১০ দিন আগে থেকে ঈদ শেষ হওয়ার ১০ দিন পর পর্যন্ত এসব জলযান নৌপথে চলাচল করতে পারবে না। বিষয়টি তদারক করবেন ভ্রাম্যমাণ আদালত।
বরিশাল জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, বাস মালিক সমিতি, পুলিশ প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়।
অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল কার্যালয় সূত্র জানায়, ঈদে যাত্রীদের নিরাপত্তায় নৌপরিবহন মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা দিয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী স্থানীয় পর্যায়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ওই পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা প্রশাসন সম্মেলনকক্ষে প্রাথমিক বৈঠক হয়। ওই বৈঠকে ঢাকা-বরিশাল নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচলে বাধার সৃষ্টি হতে পারে, এমন কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। ২৭ জুন বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠক ডাকা হয়েছে।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন বলেন, ঈদে সড়কপথে, বিশেষ করে মহাসড়কে যাতে করিমন-নছিমন, ভটভটি, ইজিবাইক, মালবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল না করে, সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। প্রশাসন এ ব্যাপারে মাঠে থাকবে বলে আশ্বাস দিয়েছে। মানুষ যাতে নিরাপদে যাতায়াত করতে পারে, সে জন্য সর্বাত্মক সহযোগিতা দেবে বাস মালিক সমিতি।
জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান বলেন, বৈঠকে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নৌপথে ২০ দিন জাল ফেলতে না দেওয়া, বালুবাহী বাল্কহেড ও মালবাহী কার্গো চলাচলে নিষেধাজ্ঞা জারি, সড়কপথে মালবাহী ট্রাক, লরিসহ ছোট যান চলাচল নিয়ন্ত্রণ করা, অতিরিক্ত যাত্রীবোঝাই না করা এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।