ঈদে বরিশালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান
ঘন ঘন বিদ্যুৎবিভ্রাট হলে ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা দেখা দেবে। তাই ঈদ উপলক্ষে বরিশাল নগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানায় মেট্রোপলিটন পুলিশ।
জেলা প্রশাসক মো. গাজী সাইফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপপুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খান বলেন, কয়েক দিন ধরে কিছু সময় পরপর লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়েছে নগরবাসী। নগরের তিনটি এলাকায় বিদ্যুতের জন্য বিক্ষোভ হয়েছে।
গোলাম রউফ খান বলেন, ঈদের সময়, বিশেষ করে রাতে লোডশেডিং হলে নিরাপত্তাকর্মীদের সমস্যায় পড়তে হবে। তাই ঈদ উপলক্ষে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সাংসদ শেখ টিপু সুলতান বলেন, নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ময়লা-আবর্জনার স্তূপ নগরের যত্রতত্র। এগুলো পরিচ্ছন্ন না করা হলে নাগরিকেরা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করতে পারবেন না। এ ব্যাপারে তিনি সিটি করপোরেশনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন।
সভায় জেলা প্রশাসক ঈদ উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য বিদ্যুৎ বিভাগকে আগেভাগেই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।