ঈদে বাসের টিকিট মিলবে ২৬, ট্রেনের ২৯ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগস্টের শেষ সপ্তাহে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সম্ভাব্য তারিখ ২৯ আগস্ট। আর বাসের অগ্রিম টিকিট বিক্রি হবে ২৬ আগস্ট থেকে।
রেলওয়ে সূত্র জানিয়েছে, ২৯ আগস্ট থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রস্তাব এখন রেলপথ মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই প্রস্তাব অনুসারে অগ্রিম টিকিট বিক্রি হবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিন অর্থাৎ ২৯ আগস্ট বিক্রি হবে ৭ সেপ্টেম্বরের যাত্রার টিকিট। এভাবে ৩০ আগস্ট বিক্রি হবে ৮ সেপ্টেম্বরের, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের ও ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের যাত্রার টিকিট বিক্রি হবে। ১২ সেপ্টেম্বর ঈদ ধরে এই সূচি তৈরি করা হয়েছে। ২১ আগস্ট রেলমন্ত্রী মুজিবুল হক বৈঠক করবেন এবং পরে সংবাদ সম্মেলন করে সিদ্ধান্ত জানিয়ে দেবেন।
জানতে চাইলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে অগ্রিম টিকিটের সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
পরিবহন মালিক সমিতি সূত্র জানায়, প্রতিবছরই বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় ঈদের ১৫ দিন আগে থেকে। সাধারণত শুক্রবার বা শনিবার। এবার ২৬ আগস্ট শুক্রবার পড়েছে এবং সেই দিন থেকেই টিকিট বিক্রি শুরু হবে।
জানতে চাইলে শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রমেশ চন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, ২৬ আগস্ট থেকে তাঁর কোম্পানির অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। সেভাবেই প্রস্তুতি চলছে।
আর ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার বলেন, কাল বুধবার (আজ) সমিতির বৈঠক হবে। সেখানেই অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম ঠিক করা হবে।
পরিবহনমালিকদের একটি সূত্র জানায়, কিছু কিছু পরিবহন কোম্পানি অনলাইনের বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে টিকিট বিক্রি করে। তারা ইতিমধ্যে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে। যারা কাউন্টারের মাধ্যমে টিকিট বিক্রি করে, গ্রাহক আগ্রহী হলে তারাও বুকিং রাখছে।
ঢাকা থেকে দূরপাল্লার পথে বাস চলাচল করে তিনটি টার্মিনাল থেকে। এগুলো হলো গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, যেকোনো কোম্পানি চাইলে যেকোনো সময় অগ্রিম টিকিট বিক্রি করতে পারে। এখানে কোনো ধরাবাঁধা নিয়ম নেই। যাত্রীরা টিকিট পেলেই হলো।