ঈদে বাড়িফেরার উৎসব

রাজধানীর স্থানে স্থানে এখন ‘নাড়ির টানে বাড়ি’ ফিরতে ব্যাকুল মানুষের

স্রোত। গতকাল শনিবারও বহু মানুষ ঢাকা ছেড়েছেন। এবার যাঁরা বাড়ি যেতে চাননি, শুরুর দিকে মহাসড়কে যানজট না থাকায় তাঁরাও উৎসাহিত হয়ে টিকিটের জন্য বাস টার্মিনালে দৌড়ঝাঁপ করছেন। ভিড় কমলাপুর রেলস্টেশন আর সদরঘাট টার্মিনালেও। একসঙ্গে হাজারো মানুষ পথে নামায় যে ঝক্কি, তা গতকালও ঈদযাত্রীদের আনন্দে ভাটা ফেলতে পারেনি।
আজ রোববার শুরু হচ্ছে ঈদযাত্রার শেষ দুই দিনের চাপ। রেল, নৌ ও পরিবহন খাতের কর্মকর্তারা জানান, ছুটি যতই লম্বা হোক না কেন, ঈদের আগের দুই দিনই সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়ে।
গতকাল বেলা দেড়টার দিকে কল্যাণপুরে শ্যামলী পরিবহনের কাউন্টারে কথা হয় মোহাম্মদ আজিজুল হকের সঙ্গে। স্ত্রী-সন্তান নিয়ে জয়পুরহাট যাচ্ছেন। আজিজুল জানান, মহাসড়কের দুরবস্থার কথা শুনে যানজটের আশঙ্কায় বাড়ি যাওয়ার চিন্তা বাদ দিয়েছিলেন। কিন্তু যানজট হচ্ছে না জেনে গত শুক্রবার কল্যাণপুর এসে টিকিটও পেয়ে যান। তিনি জানান, সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়েরই ঈদে গ্রামে যাওয়ার আগ্রহ বেশি। মূলত তার জন্যই শেষ মুহূর্তে টিকিটের জন্য দৌড়ঝাঁপ করেছেন। মেয়ে আফসানা বলল, ‘দূরের জার্নি আমার কাছে খুব মজার। আর ঈদ বলে আগ্রহটা আরও বেশি।’
গাবতলী টার্মিনালে বেলা দুইটার দিকে একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিপণন কর্মকর্তা রফিকুল ইসলামকে যশোরের টিকিটের জন্য ছোটাছুটি করতে দেখা যায়। তিনি জানান, একমাত্র ছেলের বয়স মাত্র ছয় মাস। নানা ঝক্কি হবে ভেবে কোরবানির ঈদে বাড়ি যাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে মনে হলো, একবার চেষ্টা করে দেখা যাক।
বাসের টিকিটের জন্য এই হাহাকারের কারণেই রাজধানী ঢাকায় চলাচলকারী অনেক লক্কড়ঝক্কড় লোকাল বাসকেও গতকাল দূরপাল্লার পথের যাত্রী বহন করতে দেখা গেছে। গাবতলী এলাকায় পুলিশের ট্রাফিক পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, সড়ক দখল ঠেকাতে রেকার দাঁড় করিয়ে রাখা হয়েছে। পুলিশের সদস্য বাড়ানো হয়েছে। কিন্তু ইফতারের পর কিংবা সেহ্রির পর একসঙ্গে অনেক বাস বের হলে নিয়ন্ত্রণ করা একটু কঠিনই হয়।
কমলাপুর স্টেশনের পরিস্থিতি সুশৃঙ্খলই ছিল গতকাল। বেলা ১১টার মধ্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মোট ১৬টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে শুধু খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ঢাকা থেকে ট্রেনটি প্রায় এক ঘণ্টা ১০ মিনিট বিলম্বে ছেড়েছে।

সদরঘাট লঞ্চ টার্মিনালে দুপুরের দিকে গ্যাংওয়ে, পন্টুন, লঞ্চের ভেতর—সর্বত্রই মানুষ আর মানুষ। দুপুরে র্যাবের একটি হেলিকপ্টারও ঢাকা নদীবন্দর এলাকার আকাশে একাধিকবার চক্কর দেয়।
লোকাল বাসে দূরের যাত্রা: টিকিটের হাহাকারের মধ্যে নিম্ন আয়ের মানুষ নগর পরিবহনের লক্কড়ঝক্কড় বাসে চড়েই দূরের যাত্রায় যাচ্ছেন। এসব বাসের অধিকাংশই ফিটনেসবিহীন, চালকও অদক্ষ। সংশ্লিষ্টরা বলছেন, এই যাত্রা ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। কারণ, অতীতেও এসব বাস দুর্ঘটনায় পড়েছে, মহাসড়কে বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এটি যানজটেরও কারণ হয়ে দাঁড়ায়। রাজধানীর গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে এ ধরনের বাসে যাত্রী বহন করতে দেখা গেছে।
গতকাল বিকেল সাড়ে চারটার দিকে টঙ্গী-যাত্রাবাড়ী পথের তুরাগ পরিবহনের একটি বাসে জামালপুরের যাত্রী তুলতে দেখা গেছে। চালক ওয়াহাব মিয়া বলেন, ঢাকায় যাত্রী নেই। তাই জামালপুরের দিকে রওনা দিচ্ছেন। বড় বাসগুলোতে যাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা আদায় করা হচ্ছে। তাঁরা নিচ্ছেন ২৫০ থেকে ৩০০ টাকা। পাশেই গাজীপুর পরিবহনের একটি বাসে পাবনার যাত্রী তুলতে দেখা যায়। গাবতলীতে বিআরটিসির দোতলা বাসের কর্মী মোরশেদ বলেন, ঢাকার যাত্রী টানা বন্ধ করে দিয়েছেন। রোববার সকাল থেকে উত্তরবঙ্গের পথে যাত্রী পরিবহন করবেন।
ঢাকা সড়ক পরিবহন সমিতির সভাপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, এবার ঈদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব তৎপর। এর পরও রাতে এসব লক্কড়ঝক্কড় বাস যাত্রী বহন করে। আজ রবি ও সোমবার আরও বাড়তে পারে। পুলিশের নজরদারি বাড়ানো উচিত।

১১ জুলাই এবং এর আগের কয়েকটি আন্তমন্ত্রণালয় সভায় ঢাকার লক্কড়ঝক্কড় বাস মহাসড়কে চলাচল না করতে দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
পরিবহনশ্রমিকেরা জানান, ঈদ উপলক্ষে রাজধানীর গাবতলী ও যাত্রাবাড়ীতে এসব বাস সারানো হয়। গাবতলীর পর্বত সিনেমা হলের সামনে রাস্তার পাশে গাবতলী-সদরঘাট গন্তব্যের ৮ নম্বর বাস সারানোর কাজ করছিলেন আরমান মিয়া। তিনি বলেন, পোশাকশ্রমিকেরা দুটি বাস বুকিং দিয়ে রেখেছেন।
সাভার-গুলিস্তান পথের বাসের চালক আলাল মিয়ার তত্ত্বাবধানে থাকা তিনটি বাস পোশাকশ্রমিকদের কাছে ভাড়া হয়ে গেছে। একটি যাবে বগুড়ায় আর দুটি যাবে রংপুরে। পোশাকশ্রমিক সাইফুল ইসলাম বলেন, গত বছর রাজধানীর রাজা সিটি পরিবহন ভাড়া করে কুড়িগ্রােম গিয়েছিলেন। কিন্তু চালক ছিলেন অদক্ষ। বাসটি সিরাজগঞ্জে গিয়ে দুর্ঘটনায় পড়ে।
অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেন, ‘এটি বিপজ্জনক যাত্রা। দুর্ঘটনা ঘটলে ওই মানুষগুলো বা তাদের পরিবার কি ঈদের আনন্দ উদ্যাপন করতে পারবে?’
গাবতলীর ট্রাফিক পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, লক্কড়ঝক্কড় বাসগুলোই মহাসড়কে যানজটের কারণ হয়। তবে আমিনবাজার পার হয়ে গেলে তাঁর আর কিছু করার থাকে না।
সদরঘাটে মানুষ আর মানুষ: কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, সদরঘাট টার্মিনালে ছিল মানুষ আর মানুষ। হাতের লাগেজ ধরে কুলিদের টানাহ্যাঁচড়ার মতো হয়রানিও বাড়িফেরার আনন্দ ম্লান করতে পারছে না যাত্রীদের। এখানে বেশির ভাগ যাত্রীই ভোলা, আমতলী, পটুয়াখালী, বরিশাল ও বরগুনাগামী।
ঢাকা জেলা নৌ-পুলিশ সুপার মো. আতিকুর রহমান বলেন, সদরঘাট টার্মিনাল ও নদীপথে যাত্রীদের নিরাপত্তা দেওয়া ও হয়রানি রোধে নৌ-পুলিশের ১১টি বিশেষ টিম কাজ করছে। এ ছাড়া, নদীতে পর্যবেক্ষণ টাওয়ার থেকে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমেদ বলেন, যাত্রীর চাপের ওপর নির্ভর করে বিশেষ লঞ্চের ব্যবস্থা করা হচ্ছে। লঞ্চ ভেড়াতে টার্মিনালে একটি পন্টুনের জন্য অনেক দিন আগেই আবেদন করা হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত তা স্থাপন করা হয়নি।
এদিকে গতকাল দুপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সদরঘাট এলাকা পরিদর্শনকালে প্রথম আলোকে বলেন, নদীপথে যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি ফিরছে। সহায়তার জন্য বিআইডব্লিউটিএ, র্যাব, পুলিশ, কোস্টগার্ড, আনসার, বিএনসিসি ও গার্লস গাইডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
কমলাপুর মূলত সুশৃঙ্খল: উপচে পড়া না হলেও ভিড় ছিল কমলাপুরে। বিনা টিকিটের কাউকে স্টেশনের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ভেতরে ব্যবস্থাপনা ছিল ভালো। সকালের অধিকাংশ ট্রেনই সময়মতো ছেড়ে যায়। তবে দুপুরের দিকে ট্রেনের সময়সূচি কিছুটা এলোমেলো হয়।
বেলা ১১টার মধ্যে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে মোট ১৬টি ট্রেন ছেড়ে যায়। এর মধ্যে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। ঢাকা থেকে ট্রেনটি প্রায় এক ঘণ্টা ১০ মিনিট বিলম্বে ছেড়েছে। বাকি ১৫টি ট্রেন বলা যায় নির্ধারিত সময়েই ছেড়ে গেছে।
রেলওয়ের মহাপরিচালক তাফাজ্জাল হোসেন সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শন করেন। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, ঈদে যাত্রীদের কিছুটা ভোগান্তি হয়। তবে এবার যাত্রীরা অনেক বেশি নির্বিঘ্নে যাত্রা করতে পারছেন। তিনি বলেন, ট্রেন ছাড়ার সময় ঠিক রাখতে

তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সিলেটগামী ট্রেনের যাত্রী নুসরাত নূর বললেন, অনেক সময় দেখা গেছে টিকিট থাকা সত্ত্বেও সিট পাওয়া যায় না। এবার সেটা হয়নি। ট্রেনে উঠে তাঁর নির্ধারিত আসনটি ফাঁকা পেয়েছেন। তা ছাড়া, স্টেশনের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সহায়তার মনোভাব দেখেছেন।
সকালে ছেড়ে যাওয়া আটটি ট্রেনের কোনোটিই ফাঁকা ছিল না। দাঁড়িয়ে যাওয়ার জন্য যাঁরা টিকিট করেছেন, তাঁদের অনেকেই ট্রেনের ছাদে উঠে বসেছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা সাত্তার বলেন, ‘ঈদের সময় মানুষের মধ্যে ঝুঁকির বিষয়টিই মাথায় থাকে না। বারবার মনে করিয়ে দেওয়া সত্ত্বেও যাত্রীরা ছাদে ওঠেন।’
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী শাহাদাত হোসেন বললেন, ‘এক ঘণ্টার বেশি দেরি হলো। তবে এটাকে খুব দেরি বলা যায় না। এমন ঘটনা সাধারণ সময়েও ঘটে।’
বিকেলের দিকে নোয়াখালীগামী উপকূল, চট্টগ্রামগামী সুবর্ণ ও রাজশাহীগামী সিল্কসিটি নির্ধারিত সময়ে ছেড়ে যায়নি। যাত্রীদের এক ঘণ্টারও বেশি সময় বসে থাকতে দেখা গেছে। তবে ট্রেন কোথায় আছে, ঢাকা থেকে ছাড়তে কত সময় লাগবে, সে ব্যাপারে স্টেশন থেকে কিছুক্ষণ পর পর তথ্য দেওয়া হয়েছে।