ঈদে বৃষ্টির সম্ভাবনা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ ছাড়া
বৃষ্টির প্রধান উৎস মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয়
রয়েছে

ঈদের দিন যাঁরা নতুন জামা পরে বাইরে বের হবেন, তাঁদের জন্য এখন পর্যন্ত কোনো দুঃসংবাদ নেই। মানে, ঈদের দিন বৃষ্টিপাতের এখন পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তবে গতকাল শনিবার দুপুর থেকে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি শক্তিশালী হলে ঈদে অনেককেই ছাতা নিয়ে বের হতে হবে। দেশের দক্ষিণাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিছুটা বেশিই হতে পারে। তবে লঘুচাপটি দুর্বল হয়ে গেলে বৃষ্টিপাতের সেই সম্ভাবনা কিছুটা কম থাকবে।

গতকাল দিনভর রাজধানীবাসীর নীল আকাশে ছিল ছেঁড়া ছেঁড়া মেঘ আর প্রকৃতিতে মৃদু বাতাসের ঝাপটা। কিছুটা গরমের আঁচ, আবার খানিক পরপর স্বস্তি এনে দেওয়া বাতাস। ঈদের শেষ সময়ের কেনাকাটায় যাঁরা বাইরে বের হয়েছিলেন, তাঁদের জন্য এই আবহাওয়া আরামদায়কই ছিল বলা যায়। শ্রীমঙ্গল, দিনাজপুরসহ দেশের ছয়-সাতটি এলাকা বাদে কোথাও বৃষ্টি হয়নি। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববারও আবহাওয়ার এমন ধরন বজায় থাকবে। সোমবার যদি ঈদ হয়, তাহলে সেই দিনই একই ধরনের আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি। অর্থাৎ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল দুপুরের পর থেকে বঙ্গোপসাগরে বাংলাদেশ উপকূল ও পশ্চিমবঙ্গসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এ ছাড়া বৃষ্টির প্রধান উৎস মৌসুমি বায়ু সারা দেশে সক্রিয় রয়েছে। লঘুচাপটি যদি আজ সকালের মধ্যে শক্তিশালী হয়, তাহলে ঈদের দিন বৃষ্টির দেখা পেতে পারেন দেশবাসী। রাজধানীবাসী তা থেকে বঞ্চিত হবেন না। তবে সেই বৃষ্টি খুব বেশি জোরালো হওয়ার সম্ভাবনা কম।

 আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল দুপুর পর্যন্ত আবহাওয়ার যে অবস্থা ছিল, তাতে আজ ও আগামীকাল বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি শক্তিশালী হলে পরিস্থিতি বদলাতে পারে। এতে দেশের দক্ষিণাঞ্চলসহ বেশির ভাগ এলাকায় সামান্য বৃষ্টিপাত হতে পারে।

এদিকে গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে শ্রীমঙ্গলে, ৪৪ মিলিমিটার। এ ছাড়া দিনাজপুরে ৪০ ও সৈয়দপুরে ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রাজধানীর কোথাও বৃষ্টি হয়নি। আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম, ঢাকা, বরিশাল ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আজ অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদেরা বলছেন, বঙ্গোপসাগরের লঘুচাপ যদি শক্তিশালী আর না-ও হয়, তাহলে ২৭ জুলাই থেকে সারা দেশে মৌসুমি বায়ুজনিত বৃষ্টিপাত বাড়তে পারে। মাসের শুরুর মতো টানা কয়েক দিন ওই বৃষ্টিপাত চলতে পারে।