ঈদুল ফিতর উপলক্ষে বেড়াতে গিয়ে সাগর, নদী ও হাওরে ডুবে দুই কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে তিন কলেজছাত্রসহ ছয়জন। এ ছাড়া বিভিন্ন স্থানে পুকুর ও ডোবায় ডুবে আট শিশু-কিশোর মারা গেছে। গত রোববার থেকে গতকাল বুধবার পর্যন্ত এসব ঘটনা ঘটে।
ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় গত মঙ্গলবার পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন কলেজছাত্র নিখোঁজ হন। তাঁদের মধ্যে মো. মহিম (১৯) নামের একজনের লাশ গতকাল উদ্ধার করা হয়েছে। তিনি ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল কলেজে বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। নিখোঁজ দুজন হলেন মনিপুর স্কুল অ্যান্ড কলেজের ছাত্র সালমান বিন জামান (২০) ও মিরপুর কমার্স কলেজের ছাত্র সুপ্রিয় ঢালী (১৯)।
গতকাল সকাল ৯টার দিকে দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ওই তিন ছাত্রের স্বজনেরা পদ্মার তীরে আহাজারি করছেন। সুপ্রিয় ঢালীর বড় ভাই সোহেল ঢালী বলেন, তাঁর ছোট ভাইসহ পাঁচ বন্ধু মৈনট ঘাটে বেড়াতে গিয়ে পদ্মায় গোসল করতে নেমেছিলেন। গতকাল সকালে মহিমের মৃতদেহ পানিতে ভেসে ওঠে। সুপ্রিয়সহ দুজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।
দোহারের ইউএনও কে এম আল আমিন বলেন, এখানে বেড়াতে আসা লোকজনকে পদ্মায় নামতে নিষেধ করে সকাল-সন্ধ্যা মাইকিংকরা হয়। এ ছাড়া ঘাট এলাকায় ও পদ্মার তীরে সচেতনতা ও সতর্কমূলক বিভিন্ন ব্যানার ও পোস্টার টাঙানো হয়। কিন্তু প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অতি উৎসাহী হয়ে অনেকে পদ্মায় নামে।
কক্সবাজার সমুদ্রসৈকতের সি-গাল পয়েন্টে মঙ্গলবার সকালে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে ঢাকার শিক্ষার্থী সুদীপ্ত দে (১৭)। সুদীপ্ত সূত্রাপুর এলাকার খোকন চন্দ্র দের ছেলে। ঢাকার পিলখানার বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল অ্যান্ড কলেজ থেকে সে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। মা-বাবা ও তিন বন্ধুসহ সুদীপ্ত কক্সবাজারে বেড়াতে গিয়েছিল। সুদীপ্তের বাবা খোকন চন্দ্র দে বলেন, সকাল সাতটার দিকে এক বন্ধুর সঙ্গে গোসল করতে নামে সে। এরপর ভেসে যায়।
ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার রায়হান কাজেমি বলেন, গতকাল সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বিভিন্ন বাহিনী এই সৈকতসহ আশপাশের সমুদ্রে তল্লাশি চালিয়েছে। কিন্তু কোথাও নিখোঁজ সুদীপ্তকে পাওয়া যায়নি। সম্ভবত সে সমুদ্রে গুপ্তখালে আটকা পড়েছে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া ঘাট এলাকায় মঙ্গলবার পদ্মা নদীতে গোসল করতে নেমে শেখ মো. হাসান (১৭) নামের এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। হাসান ঢাকার পূর্ব নাখালপাড়ার মো. বিল্লাল শেখের ছেলে। সে তেজগাঁও এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী সূত্রে
জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাসান ও তার বন্ধু টিপু নদীতে গোসল করতে নামে। প্রবল স্রোতে হাসান তলিয়ে যায়। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শরজিৎ কুমার ঘোষ বলেন, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনার পর উদ্ধার অভিযান শুরু করেন। গতকাল বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত হাসানের সন্ধান পাওয়া যায়নি।
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের গোলবাড়ি এলাকায় গতকাল ডুবে আশরাফুল হাসান (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি সুনামগঞ্জ পৌরসভার হাজীপাড়া এলাকার বাসিন্দা ও সিলেট এমসি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। হাসানের সহপাঠী রাফিজুল ইসলাম বলেন, গতকাল দুপুরে কয়েক জন বন্ধু নৌকায় করে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে যান। হাওরের গোলাবাড়ি এলাকায় পর্যবেক্ষণ টাওয়ারের পাশে সবাই নেমে গোসল করেন। পরে নৌকা নিয়ে রওনা হন তাহিরপুর সদর বাজারের দিকে। কিছু দূর যাওয়ার পর হাসানকে না পেয়ে ওই টাওয়ারের পাশে ফিরে যান। সেখানে গিয়ে দেখেন স্থানীয় কয়েকজন হাসানকে পানি থেকে উদ্ধার করেছেন। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় গতকাল মো. আমিন (৯) নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সে টেকনাফ পৌরসভার ইসলাবাদের সব্বির আহমদ ওরফে মনু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার নাফ নদীর ট্রানজিট জেটি দিয়ে ছোট নৌকায় করে কয়েকটি শিশু-কিশোর ভ্রমণে বের হয়। কিছুক্ষণ পর নৌকাটি জোয়ারের পানিতে ডুবে যায়। নিখোঁজ তিনজন হলো টেকনাফ পৌরসভার ইসলাবাদের আনোয়ার ইসলামের ছেলে আনোয়ার সাদেক (৮), সদর ইউনিয়নের উত্তর নাজিরপাড়ার হামিদ হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (১৬) ও মোহাম্মদ আনোয়ারের ছেলে আয়ুব (১৫)। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন ছিদ্দিকী বলেন, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের দুটি দল ও নিখোঁজ পরিবারের লোকজন নাফ নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
ঢাকার অদূরে আশুলিয়ার কুরগাঁও এলাকায় সোমবার পুকুরে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো কুরগাঁও এলাকার আবদুল হাইয়ের ছেলে সিয়াম হোসেন (১১) ও নূরু মিয়ার ছেলে আবির হোসেন (৮)। আবির স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি ও সিয়াম ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই দুজন বেড়াতে বের হয়।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বান্দরমারা এলাকায় সোমবার খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে দুই বোন। তারা হলো ওই এলাকার মুহাম্মদ আনোয়ারের মেয়ে মিনা আকতার (৫) ও রিনা আকতার (৩)।
পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন গ্রামে সোমবার বাড়ির পাশের একটি সাঁকো পার হওয়ার সময় ডোবায় পড়ে ডুবে স্কুলছাত্রী তাসমিয়া শুভার (১৪) মৃত্যু হয়েছে।
নওগাঁর রাণীনগর উপজেলার টুং গ্রামে গত রোববার বাড়ির পাশের পুকুরে ডুবে শাকিল হোসেন (১) নামের এক শিশু মারা গেছে।
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামে গতকাল সকালে বাড়ির পাশে পুকুরে সাঁতার কাটতে নেমে ডুবে বিউটি আক্তার (১১) নামের এক চতুর্থ শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলার মূলঘর গ্রামে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে গতকাল মীম আক্তার (৮) নামের একটি শিশু ডুবে মারা গেছে।