ঈদে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসছে ঈদ, উঠছে সেই চিরচেনা অভিযোগ। ঈদ সামনে রেখে বরিশাল-ঢাকা নৌপথে এবারও লঞ্চভাড়া বাড়ানো হয়েছে। তবে লঞ্চ মালিকপক্ষের দাবি, সরকার-নির্ধারিত ভাড়ার মধ্যেই ভাড়া নেওয়া হবে।
গত বুধবার বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সঙ্গে লঞ্চ মালিকপক্ষের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ঈদ উপলক্ষে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, এবার ঈদে এক শয্যার কক্ষের জন্য দুই শ এবং দ্বৈত শয্যার কক্ষের জন্য ছয় শ টাকা বাড়ানো হয়েছে। আর ডেকের ক্ষেত্রে বাড়ানো হয়েছে ২৫ টাকা। সেই হিসেবে এক শয্যার কক্ষের ভাড়া নেওয়া হবে এক হাজার ১০০ টাকা আর দ্বৈত শয্যার দুই হাজার ২০০ টাকা।
একজন লঞ্চমালিক বলেন, সরকার-নির্ধারিত ডেকের ভাড়া হচ্ছে ২৫৫ টাকা। ঈদের সময় ৩০ টাকা কমিয়ে ভাড়া নেওয়া হবে ২২৫ টাকা। আর সাধারণ এক শয্যার কক্ষ এক হাজার এবং শীতাতপনিয়ন্ত্রিত কক্ষের জন্য এক হাজার ১০০ টাকা নেওয়া হবে। সাধারণ দ্বৈত শয্যার জন্য নেওয়া হবে দুই হাজার এবং শীতাতপনিয়ন্ত্রিত দ্বৈত শয্যার জন্য দুই হাজার ২০০ টাকা। ২৫ জুলাই থেকে এই ভাড়া কার্যকর হবে।
সুন্দরবন লঞ্চের মালিক বরিশাল শিল্প ও বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান দাবি করেন, সারা বছরের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে ঈদের সময় সরকার-নির্ধারিত ভাড়া আদায় করা হবে, যা নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ ভাগ কম।