ঈদে ভিজিএফের চাল পাচ্ছে না ১১ হাজার দুস্থ পরিবার
বরিশালের গৌরনদী উপজেলার প্রায় সাড়ে ১১ হাজার দুস্থ পরিবার এখনো ঈদ উপলক্ষে বরাদ্দ দেওয়া ভিজিএফের চাল পায়নি। গুদামে মজুত না থাকায় চাল বিতরণ করা যাচ্ছে না। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছুটি শুরু হয়ে যাওয়ায় ঈদের আগে চাল বিতরণের সম্ভাবনা কম।
সরকার ২২ জুন উপজেলার ১১ হাজার ৪২৫টি দরিদ্র পরিবারে বিতরণের জন্য ২২৯ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়। প্রতি পরিবারকে ২০ কেজি করে চাল দেওয়ার কথা।
গৌরনদী উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে গৌরনদী উপজেলার বার্থী, খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, সরিকল ও নলচিড়া ইউনিয়নে এ চাল বিতরণ করা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭টি দুস্থ পরিবার আছে খাঞ্জাপুর ইউনিয়নে। আর চাঁদশী ইউনিয়নে আছে সবচেয়ে কম ৯৬৩টি দুস্থ পরিবার।
খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আলম সেরনিয়াবাত, বার্থীর চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা, চাঁদশীর কৃষ্ণ কান্ত দে, সরিকলের মো. ফারুক হোসেন মোল্লা ও নলচিড়া ইউপির চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, তাঁরা প্রকল্প কার্যালয় থেকে ভিজিএফের বরাদ্দপত্র পেয়েছেন। কিন্তু স্থানীয় গুদামে চাল নেই। তাই ঈদের আগে চাল বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
গৌরনদী উপজেলা খাদ্যগুদামের কয়েকজন কর্মচারী বলেন, গৌরনদীর গুদামে যে চাল ছিল, সেটা পৌর এলাকার দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। এখন গুদাম শূন্য।
ঈদের আগে সরকারি সাহায্য না পেয়ে ক্ষুব্ধ ইউনিয়নের বাসিন্দারা। খাঞ্জাপুর ইউনিয়নের শহর বানু (৬৫) বলেন, ‘প্রতিবছর মোগে খয়রাতিগো চাল লইয়া যত সমস্যা অয়। গত বছর দিছে পচা চাল, এ বছর গুদাম খালি। এবার আর মোরা ঈদ করতে পারমু না। ঈদের আনন্দ বড়লোকের লাইগ্যা, মোগো লাইগ্যা না।’
গৌরনদী উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বি এম সফিকুল ইসলাম গত বৃহস্পতিবার বিকেলে বলেন, চলতি বছর ভিজিএফের চাল বরাদ্দ দেওয়ার জন্য প্রয়োজনীয় চাল মজুত ছিল। কিন্তু হঠাৎ কার্ডপ্রতি ১০ কেজির বদলে ২০ কেজি করে চাল দেওয়ার ঘোষণা আসে। তাই এ সংকট দেখা দিয়েছে। আর গুদামে মজুত করাও সম্ভব হয়নি। গুদামে থাকা চাল পৌর এলাকায় দিয়ে দেওয়ায় সাতটি ইউনিয়নে এখনো সরবরাহ করা যাচ্ছে না। তবে ঈদের আগে চাল আমদানি করে দরিদ্র পরিবারগুলোর মধ্যে বিতরণের জোর চেষ্টা অব্যাহত আছে।