ঈদে মনোনয়ন প্রত্যাশীদের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মিরসরাইয়ে এবার কোরবানির ঈদে মনোনয়নপ্রত্যাশীরা গণসংযোগ করেছেন। ঈদের উৎসবকে ঘিরে গণসংযোগের নতুন মাত্রা যোগ হয়।
নির্বাচনে কারা কোন দল থেকে প্রার্থী হচ্ছেন—এ আলোচনা এখন মুখে মুখে। তবে নির্বাচন হবে কি না—এ নিয়েও আছে সংশয়। তার পরও মনোনয়নপ্রত্যাশীরা গণসংযোগ করেছেন। ঈদ উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের জন্য ঈদের দিন বিকেলে আপ্যায়নের আয়োজন করেন সাংসদ মোশাররফ হোসেন। ওই দিন তিনি বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতা-কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও মিরসরাইয়ের উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দীন আগামী সংসদ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী। তাই তিনি উপজেলার ১৬টি ইউনিয়ন ও দুটি পৌরসভায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেছেন।
বিএনপির সম্ভাব্য প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী ও শাহিদুল ইসলাম চৌধুরীও গণসংযোগ করেছেন বিভিন্ন এলাকায়। গণসংযোগের কথা স্বীকার করে কামাল উদ্দিন ও শাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে দলীয় কর্মসূচির জন্য তাঁরা অপেক্ষা করছেন। মো. গিয়াস উদ্দীন বলেন, দল যাঁকে মনোনয়ন দেয়, তিনি তাঁর নির্বাচন করবেন। তবে দলের কাছে দাবি, ইউনিয়ন পর্যায়ে জরিপ করে যেন সংসদ নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়।