ঈদে মহাসড়কে চাঁদা বন্ধে পাঁচ হাজার র্যাব সদস্য থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদে মহাসড়কে চাঁদাবাজি বন্ধে র‌্যাবের পাঁচ হাজার সদস্য নিয়োজিত থাকবেন। তাঁদের মধ্যে অনেকে সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। ঈদের আগের চার দিন এবং ঈদের পরের তিন দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল সোমবার বিকেলে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে যোগাযোগমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। যোগাযোগমন্ত্রী জানান, বৈঠকে ২৪টি সিদ্ধান্ত হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, ৪ থেকে ১৪ আগস্ট পর্যন্ত দেশের সব সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের সময় মহাসড়কে বিনা কারণে যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো যাবে না। যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুনির্দিষ্ট তথ্য থাকে, ওই যানবাহনে অস্ত্র ও মাদকদ্রব্য থাকে, তাহলে তাঁরা তল্লাশি চালাতে পারবেন। এ ছাড়া মহাসড়কে কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে কিংবা বিকল হয়ে গেলে তা দ্রুত সরিয়ে নেওয়ার লক্ষ্যে ক্রেন ও রেকার প্রস্তুত রাখা হবে।
বৈঠকে রেলমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।