ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নিরাপদ করতে সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখতে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, পুলিশের পাশাপাশি র্যাব আইনশৃঙ্খলা নিশ্চিত করবে। যানজটমুক্ত রাখতে হাইওয়ে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশও কাজ করবে। কোনো গাড়ি বিকল হলে তা ৎ ক্ষণিক সেটি অপসারণের জন্য মহাসড়কের বিভিন্ন জায়গায় রেকার রাখা হবে।বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, ঢাকা মহানগর পুলিশের কমিশনার বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ঈদে সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখার বিষয়ে নেওয়া সিদ্ধান্ত সাংবাদিকদের জানান। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাস-ট্রেন ও লঞ্চের টিকিটের কালোবাজারি বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে। লঞ্চ-বাসের কোনো সংকট হবে না। ট্রেনে বগি বাড়ানো হবে। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এমন কিছু থাকলে ব্যবস্থা নেওয়া হবে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত নতুন কিছু নয়। ইতিপূর্বে বহুবার তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। স্বাধীনতাবিরোধী চক্র মনে করে, শেখ হাসিনাকে হত্যা করতে পারলে আওয়ামী লীগকে নির্মূল করা যাবে। এটি হতে দেওয়া হবে না। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরে নিরাপত্তা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে নিরাপত্তার কোনো অভাব নেই।