ঈদে মায়ের কাছে ফেরা হলো না তুষারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঈদে বাড়ি আসছি মা’—শেষবার মোবাইল ফোনে মাকে এমন কথা বললেও ফেরা হলো না তুষার (২০) নামের এক তরুণের। ঈদে বাড়ি যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।

আজ শুক্রবার ভোর পাঁচটার দিকে গাজীপুরের শ্রীপুরের এমসি বাজার এলাকায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তুষার। তিনি গাজীপুরের কোনাবাড়ী এলাকার রিপন মিয়ার ছেলে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আজ ভোরে এমসি বাজার বাসস্ট্যান্ড এলাকায় দুটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি পিকআপ ভ্যানের চালকের সহকারী তুষার আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তুষারের মৃত্যু হয়। পিকআপ ভ্যান দুটিকে আটক করে থানায় আনা হয়েছে।

ওসি বলেন, নিহত তুষারের স্বজনদের তথ্য অনুযায়ী, তুষার শ্রীপুরের স্থানীয় একটি প্রতিষ্ঠানের পিকআপ ভ্যানচালকের সহকারী। ঈদে পাঁচ দিনের ছুটি নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি।