ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত মঙ্গলবার পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। ওইদিন রাজধানীতে বিভিন্ন স্থানে শোভাযাত্রা হয়েছে। এ ছাড়া সারা দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মসূচির মধ্যে ছিল মহানবী (সা.)-এর পূর্ণাঙ্গ জীবন নিয়ে আলোচনা, ধর্মীয় শোভাযাত্রা, সেমিনার, মিলাদ মাহফিল ও মোনাজাত। ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা প্রতিবছরই দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার বঙ্গভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বঙ্গভবনের দরবার হলে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি আবদুল হামিদ যোগ দেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম সম্মেলনকেন্দ্রে মহানবীর জীবন ও কর্ম নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দিবসটি পালনে বাংলাদেশ শিশু একাডেমী নিজস্ব মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। বাংলাদেশ আওয়ামী লীগ ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এ ছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন গত সোমবার থেকে পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এসব অনুষ্ঠানের মধ্যে ওয়াজ মাহফিল, সেমিনার, ইসলামিক ক্যালিগ্রাফি ও মহানবী (সা.)-এর জীবনভিত্তিক পোস্টার ও গ্রন্থ প্রদর্শনী, ইসলামি বইমেলা, ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা, কিরাত ও হামদ-নাত এবং রাসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতাপাঠের আসর রয়েছে।