ঈদুল ফিতর উপলক্ষে ২৮৫ জন দণ্ডপ্রাপ্ত কারাবন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব বন্দীর বেশির ভাগই অর্ধেকের বেশি সময় সাজা খেটেছেন। তাঁদের মধ্যে অনেকে রয়েছেন অচল ও অক্ষম। ঈদের এক সপ্তাহ আগে এসব বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। গত সপ্তাহে এক হাজার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কারাবন্দীকে মুক্তি দেওয়া হয়েছিল।সূত্র মতে, আজ সোমবার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কারাবন্দীদের মুক্তি দেওয়া সংক্রান্ত এ ফাইল অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। পরে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। সব শেষে ফাইলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত আসার পর কারাবন্দীর মুক্তি দেওয়ার নির্দেশসংক্রান্ত চিঠি কারা অধিদপ্তরে পাঠানো হবে। এর পরই এসব কারাবন্দীর মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।জানা গেছে, ঈদে কারাবন্দীদের মুক্তি দেওয়ার জন্য সারা দেশের কারাগার থেকে নাম চাওয়া হয়েছিল। পরে বিভিন্ন জেলা কমিটি থেকে যেসব কারাবন্দীর নাম পাঠানো হয়, তা যাচাই-বাছাই করে ২৮৫ জনের নাম চূড়ান্ত করা হয়।গত এপ্রিল মাসে কারাবন্দীদের মুক্তি দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তালিকা তৈরি করে। পরে ওই তালিকা দেখে মতামত দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় গতকাল এ তালিকা দেখে ইতিবাচক মতামত দিয়েছে। এ তালিকায় যেসব কারাবন্দীর নাম রয়েছে তাঁদের মধ্যে ২০৩ জন অর্ধেকের বেশি সময় দণ্ড ভোগ করেছেন। অনেকেই আছেন যাঁরা ঠিকমতো চলাফেলা করতে পারেন না এবং চোখে কম দেখেন।সূত্র জানায়, মুক্তির তালিকায় যাঁরা রয়েছেন তাঁদের বেশির ভাগই ২২-২৩ বছর সাজা ভোগ করেছেন। যুবক অবস্থায় সাজা শুরু হয়ে তাঁদের কেউ কেউ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তাঁদের বেশির ভাগ হত্যা মামলার আসামি। তাঁদের মধ্যে নারীও আছেন।প্রসঙ্গত, বর্তমানে ৭৭ হাজার ৯০২ জন আসামি বিভিন্ন কারাগারে দণ্ডভোগ করছেন। যাবজ্জীবন সাজার মেয়াদ ৩০ বছর। কারাগারে নয় মাসকে এক বছর হিসাবে ধরা হয়।