ঈদে মেরামতনির্ভর সরকারি নৌপরিবহনের যাত্রীসেবা
এবারের ঈদে ছয়টি নৌযানের বহর নিয়ে যাত্রীসেবার কর্মসূচি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। তবে এই যাত্রীসেবা শেষ পর্যন্ত নির্ঝঞ্ঝাট হবে কি না, তা অনিশ্চিত। কারণ, একদিকে বিআইডব্লিউটিসির নৌযানগুলো প্রায় শতবর্ষী হওয়ায় এর সেবা দীর্ঘদিন থেকে মেরামতনির্ভর। অন্যদিকে, এখন বর্ষা মৌসুম হওয়ায় অপেক্ষাকৃত নিরাপদ ভ্রমণের জন্য যাত্রীদের প্রচণ্ড চাপও পড়বে এগুলোর ওপর।
ফলে ঈদে সরকারি নৌপরিবহনে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ঘরমুখী যাত্রীদের যাতায়াত কিছুটা ঝুঁকিতেই থাকছে। এ ছাড়া বিআইডব্লিউটিসির রয়েছে ফেরি, সি-ট্রাক ও উপকূলীয় এলাকায় নৌপথে যাত্রী পরিবহন। কিন্তু এগুলো নিয়মিত সেবার পাশাপাশি ঈদে বিশেষ সেবা দেওয়ার মতো পরিপূর্ণ প্রস্তুত অবস্থায় নেই। বিআইডব্লিউটিসির সূত্রেই এসব জানা গেছে।
অবশ্য বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, নৌযানগুলো যাতে সুষ্ঠুভাবে চলতে পারে, সে জন্য ভালোভাবেই মেরামত করা হয়েছে। যাত্রীদের কোনো সমস্যা হবে না। ফেরি চলাচলেও কোনো সমস্যা হওয়ার কথা নয়। তবে ১৩টি সি-ট্রাকের মধ্যে সাত-আটটির বেশি চালানো সম্ভব হবে না। আর উপকূলীয় যাত্রী পরিবহনে চট্টগ্রাম-বরিশাল সার্ভিসও বন্ধ থাকবে।
সংস্থার কয়েকটি সূত্র জানায়, অভ্যন্তরীণ পথের নৌযানগুলোর মধ্যে এখনো নামকরা অস্ট্রিচকেও জোড়াতালি দিয়ে চালাতে হচ্ছে। এই প্যাডেল স্টিমারটি (পিএস) প্রায় ছয় মাস ডকইয়ার্ডে রেখে মেরামত করে দুই দিন আগে নামানো হয়েছে। তবে নৌযানটির সব ত্রুটি সারানো যায়নি।
এ ছাড়া পিএস টার্নের প্যাডেল ও সুকান সিস্টেমে (চালক বা সুকানি যে যান্ত্রিক সিস্টেমের মাধ্যমে জাহাজ চালান) সমস্যা আছে। পিএস লেপচারের দুটি জেনারেটর ইঞ্জিনে ত্রুটি আছে। গিয়ারের বিয়ারিং ঠিকমতো কাজ করে না। পিএস মাসউদও মেরামতনির্ভর। এগুলোই বিআইডব্লিউটিসির বহরের প্রধান নৌযান।
সংস্থার চেয়ারম্যান বলেন, এগুলো ছাড়াও ঈদে বিশেষ সার্ভিসের জন্য এমভি বাঙালি, এমভি শেলাকে প্রস্তুত রাখা হয়েছে। তার পরও দরকার হলে বেসরকারি খাতে ভাড়া দেওয়া এমভি সোনারগাঁকে ঈদের বিশেষ যাত্রীসেবার জন্য আনা যাবে।
তবে অন্য সূত্র জানায়, এমভি শেলা প্রায় পরিত্যক্ত নৌযান। এই বর্ষা মৌসুমে চাঁদপুর-বরিশাল পথে ঈদের অতিরিক্ত যাত্রীর চাপ সামলানো এই যানটির পক্ষে অত্যন্ত কঠিন হবে। এমভি বাঙালি অবশ্য নতুন। আর সোনারগাঁকে গত ১০ বছরে যখন যাত্রী পরিবহনে নামানো হয়েছে, তখনই সমস্যা হয়েছে।
খণ্ডিত উপকূলীয় এলাকায় সেবা: উপকূলীয় (চট্টগ্রাম-সন্দ্বীপ-হাতিয়া হয়ে বরিশাল পর্যন্ত) পথে একসময় সংস্থার চারটি জাহাজ সচল ছিল। ওই পথে যাত্রী চলাচল ও পণ্য পরিবহন হতো প্রচুর।
বর্তমানে এমভি আবদুল মতিন, এমভি মনিরুল হক ও এমভি বার আউলিয়া কাগজে-কলমে উপকূলীয় নৌযান হিসেবে বহরে যুক্ত থাকলেও যাত্রী পরিবহন শুধু চট্টগ্রাম থেকে হাতিয়া-সন্দ্বীপ পর্যন্ত। ফলে চট্টগ্রাম থেকে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাঁদপুর অথবা লক্ষ্মীপুর হয়ে বিকল্প নৌযানে ঘরে ফিরতে হবে। উপকূলের বিভিন্ন বিচ্ছিন্ন দ্বীপ-উপদ্বীপগুলোতে চলাচলকারী ১৩টি সি-ট্রাকের মধ্যে কয়েক দিন আগে পর্যন্ত নয়টি মেরামতে ছিল। ঈদের আগে তিন-চারটি নামানো যাবে বলে সংস্থার সূত্র জানায়। ফলে সি-ট্রাকের পূর্ণ সেবাও পাবেন না ঈদে ঘরমুখী যাত্রীরা।
দুশ্চিন্তা ফেরি নিয়েও: বিআইডব্লিউটিসির সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন আগে তাঁদের বহরে তিনটি নতুন ইউটিলিটি ফেরি (স্বল্প দূরত্বে চলার উপযোগী) যুক্ত হওয়ায় পরিস্থিতি আগের তুলনায় ভালো হয়েছে। কিন্তু ঈদের সময় যানবাহনের অতিরিক্ত চাপে ফেরি চলাচল প্রায়শই স্বাভাবিক রাখা সম্ভব হয় না। কোনো কোনো ফেরি বিকল হয়ে পড়ে। সবচেয়ে বেশি সমস্যা হয় মাওয়া-কাওড়াকান্দি-চরজানাজাতের মতো বেশি দূরত্বের পথে। সেখানে কোনোভাবে একটি ফেরি বিকল হলেই পুরো শৃঙ্খলা ভেঙে পড়ে। এই দুশ্চিন্তা কখনোই উড়িয়ে দেওয়া যায় না। এ ছাড়া বেশির ভাগ ফেরিই মেরামত করে চালাতে হয়।