ঈদুল ফিতর উপলক্ষে হাতিয়া-সন্দ্বীপ নৌপথে প্রতিবারের মতো এবারও যাত্রীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হবে। পুরোনো জাহাজগুলোকেই জোড়াতালি দিয়ে ঈদের সময় পর্যন্ত কোনোভাবে সচল রাখার চেষ্টা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
জানা গেছে, এ ধরনের নাজুক অবস্থার জন্যই মাত্র দুদিন (২৭ ও ২৮ জুলাই) ঈদের বিশেষ যাত্রীসেবার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। জাহাজের সংখ্যা কম, সময় বেশি লাগায় দুদিনের বেশি বিশেষ এই যাত্রীসেবা দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
হাতিয়া-সন্দ্বীপ নৌপথে চলাচলের জন্য নির্ধারিত তিনটি জাহাজের মধ্যে কিছুদিন আগে মেরামত হয়ে আসা এমভি বার আউলিয়ায় আবারও যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া এমভি আবদুল মতিন ও এমভি মনিরুল হকের মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগেই। তবু জোড়াতালি দিয়ে সচল রাখা হয়েছে ঈদে চলাচলের জন্য।
বিআইডব্লিউটিসি চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, আবদুল মতিন ও এমভি মনিরুল হকের অবস্থা আপাতত ভালো। ঈদের পরেই বার আউলিয়ার মেরামতকাজে হাত দেব। একটি জাহাজ যাওয়া-আসায় সাত-আট ঘণ্টা সময় লেগে যায়। তাই দুদিনের বিশেষ সেবার ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া নিয়মিত যাত্রীসেবাও বহাল থাকবে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে ২৭ জুলাই বার আউলিয়া, সন্দ্বীপ হয়ে হাতিয়া যাবে। আর ২৮ জুলাই হাতিয়া ও সন্দ্বীপ নৌপথে দুটি জাহাজ চলাচল করবে। তিনটি জাহাজের মধ্যে এমভি বার আউলিয়ার যাত্রীধারণক্ষমতা সাড়ে সাত শ। বাকি দুটির প্রতিটিতে সাড়ে তিন শ করে যাত্রী চলাচল করতে পারে।