ঈদে মৌসুমি নেতারাও সরব
আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় ঈদের আগে ও পরে ব্যাপক গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুটি জোটের মনোনয়নপ্রত্যাশীরা। রঙিন পোস্টার, ডিজিটাল ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন দিয়ে সংসদীয় আসনের লোকজনকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাঁরা।
ঈদের আগে প্রায় সবাই দলীয় কর্মী-সমর্থক ও ভোটারদের মধ্যে সেমাই-চিনি, কাপড়, টাকা ও ঈদ উপহার বিতরণ করেছেন। কেউ কেউ রোজার মাসজুড়ে ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে গণসংযোগ করেছেন। এসব মনোনয়নপ্রত্যাশীর মধ্যে কমপক্ষে চারজনকে গত সাড়ে চার বছরে এলাকায় তেমন দেখা যায়নি। ঈদ শুভেচ্ছার নামে কার্যত ভোটের রাজনীতিতে হঠাৎ করে সরব হয়ে উঠেছেন মৌসুমি নেতারা।
এদিকে বগুড়ার সাতটি আসনের মধ্যে পাঁচটি আসনে স্থানীয় সাংসদেরা এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেও বগুড়া-৬ (সদর) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির দুই সাংসদ জমির উদ্দিন সরকার ও মওদুদ আহমদকে কাছে পাননি ভোটাররা। ওই দুই আসনে বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রতিটি নির্বাচনে প্রার্থী হওয়ায় মনোনয়নের জন্য কাউকে তৎপরতা চালাতে দেখা যায়নি। এ দুটি আসনে আওয়ামী লীগেরও কাউকে মাঠে দেখা যায়নি।
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা): এ আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ আবদুল মান্নান এবারও প্রার্থী হচ্ছেন। বিএনপির মনোনয়নের জন্য মাঠে নেমেছেন সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহসভাপতি ও সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব, একই কমিটির উপদেষ্টা ও হোটেল নাজ গার্ডেনের মালিক মো. শোকরানা ও বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাবের জেলা সভাপতি শাহজাহান আলী। তাঁদের মধ্যে শোকরানা গত নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী ছিলেন। মনোনয়নবঞ্চিত হন রফিকুল। বাকি দুজনকে গত সাড়ে চার বছরে এলাকায় দেখা যায়নি।
বগুড়া-২ (শিবগঞ্জ): বিএনপির সাংসদ হাফিজুর রহমান এবারও দলীয় মনোনয়ন চাইবেন। একই দলের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মীর শাহে আলম। এই আসনে আওয়ামী লীগ থেকে ঢাকার ব্যবসায়ী আকরাম হোসেন রমজান মাসের শুরুতে ও ঈদে দুই দফা পোস্টার ছাপিয়ে এলাকাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি): সাংসদ আবদুল মোমিন তালুকদার এবারও বিএনপি থেকে মনোনয়ন পেতে গণসংযোগ করছেন। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গতবারের সাংসদ প্রার্থী আনছার আলী মৃধা, আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম): এই আসনে বিএনপির বর্তমান সাংসদ মোস্তফা আলী ছাড়াও দল থেকে মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ী ও জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোশারফ হোসেন এবং জেলা বিএনপির সহসভাপতি রাফি পান্না। এখান থেকে আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল আশরাফ।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট): এ আসনে আওয়ামী লীগের সাংসদ হাবিবুর রহমান ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়েছেন। বিএনপি থেকে মনোনয়ন চাইবেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম মাহবুবুর রহমান, জেলা কমিটির উপদেষ্টা জানে আলম, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শফিউজ্জামান ও আনোয়ারুল ইসলাম। শফিউজ্জামানকে এর আগে এলাকায় তেমন একটা দেখা যায়নি।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রথম আলোকে বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিল ও রাজনৈতিক উদ্দেশ্যে ঈদের মতো ধর্মীয় উৎসবে লোক দেখানো শুভেচ্ছা বিনিময়, উপহার বা দান-খয়রাত করা খারাপ দৃষ্টান্ত। আগাম নির্বাচনী তৎপরতা চালানোর বিষয়ে কাউকে দলীয়ভাবে অনুমতি দেওয়া হয়নি।