ঈদে যাত্রী দুর্ভোগ কমানোর দাবি
ঈদুল ফিতর সামনে রেখে গণপরিবহনে মানুষের দুর্ভোগ কমাতে সরকার ও সরকারি কর্মকর্তাদের কাছে আবেদন করেছে ভোলার সুশীল সমাজ। ভোলা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘ঈদকে সামনে রেখে জরুরি সভা’য় গতকাল সোমবার তারা এ দাবি করে।
বক্তারা ভোলা-ঢাকাসহ বিভিন্ন নৌপথে রোটেশন পদ্ধতি বাতিল, অতিরিক্ত লঞ্চ-স্টিমার ও সি-ট্রাক চালু, চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, যানজট নিরসন, অতিরিক্ত যাত্রী বহন ও ভাড়া আদায় বন্ধের দাবি করেন।
সভায় উপস্থিত উন্নয়নকর্মী আদিল হোসেন বলেন, ঈদে লঞ্চগুলো ঠাসাঠাসি করে যাত্রী নেয়। এ অবস্থায় ভোলা-ঢাকা, ভোলা-বরিশাল, ভোলা-লক্ষ্মীপুর নৌপথে রোটেশন পদ্ধতি বাতিল করে অতিরিক্ত লঞ্চ ও সি-ট্রাক চালু করা জরুরি।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির সাংবাদিক আফজাল হোসেন বলেন, লঞ্চ ও ফেরিঘাটে ব্যাপক চাঁদাবাজি হচ্ছে। ইজারাদারের লোকজন ঈদ মৌসুমে লোকজন আটকে শত শত টাকা আদায় করছে। টাকা না দিলে মারধর করার নজিরও আছে।
দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন বলেন, ভোলার প্রতিটি ঘাট সংস্কার করা দরকার, নইলে যাত্রীরা দুর্ঘটনার শিকার হতে পারে। পথিমধ্যে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ জলযানগুলোতে পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখা নিশ্চিত করতে হবে।
ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান বলেন, লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী বহন ও অনিরাপদ নৌযান চলাচল বন্ধ করতে হবে। অনেক লঞ্চে আনসার নেই। আবার যেসব লঞ্চে আনসার আছে, তারাও ঠিকমতো সেবা দিচ্ছে না।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারেফ হোসেন বলেন, বর্তমানে নদী ও সাগর উত্তাল। এ সময় ছোট লঞ্চ ও ট্রলারে যাত্রী পারাপার নিষিদ্ধ। প্রতিবছর সি-ট্রাকের অভাবে ঈদে ঘরমুখী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে পার হয়। এভাবে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। এসব নৌপথে অতিরিক্ত সি-ট্রাক দেওয়া দরকার।
পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, খেয়াঘাট ও ফেরিঘাট থেকে বাস যোগাযোগ চালু করা উচিত। এ ছাড়া ঈদ সামনে রেখে জনদুর্ভোগ কমাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সহযোগিতা করবে।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা সভায় লঞ্চ ও বাস মালিক সমিতির সদস্য, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), কোস্টগার্ড-পুলিশসহ উপস্থিত সব বিভাগকে যাত্রীদের দুর্ভোগ কমিয়ে আনতে অনুরোধ করেন। তিনি ঘাটগুলোতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত বসানোর নির্দেশ দেন।