ঈদে যাত্রী বহনে রেলওয়েতে যুক্ত হচ্ছে অতিরিক্ত ৯০ বগি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে ঘরমুখো যাত্রীদের বহন করতে পূর্বাঞ্চলীয় রেলওয়েতে নতুন করে ৯০টি বগি যুক্ত হচ্ছে।আগামী সপ্তাহ থেকে যাত্রী বহনের লক্ষ্যে এসব বগি বিভিন্ন ইঞ্জিনের সঙ্গে ব্যবহূত হবে। দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এবং আগুনে পুড়ে যাওয়া বগিগুলো পাহাড়তলী কারখানায় এনে মেরামত করে রেলওয়েতে নতুন করে যুক্ত করা হচ্ছে বলে জানা গেছে। রেলওয়ে সূত্রে জানা যায়, নতুন একটি বগি বিদেশ থেকে আমদানি করতে খরচ পড়ে তিন কোটি টাকা। সেই হিসাবে পুরাতন বগিগুলো নতুনভাবে মেরামতের মাধ্যমে সরকারের অন্তত ২৭০ কোটি টাকা সাশ্রয় হচ্ছে।পাহাড়তলী রেলওয়ে কারখানার তত্ত্বাবধায়ক হারুন অর রশিদ বলেন, ‘যে ৯০টি বগি মেরামত ও সংস্কার করা হচ্ছে সেগুলো দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। কিছু ছিল আগুনে পোড়া। এসব বগি আমরা পাহাড়তলী কারখানায় এনে মেরামত করে পুরোপুরি যাত্রী বহনের উপযোগী করেছি। এবারের ঈদ মৌসুমে এসব বগিতে প্রতিদিন অন্তত ছয় থেকে সাত হাজার মানুষ যাওয়া-আসা করতে পারবে। গত বুধবার পাহাড়তলী কারখানায় সরেজমিনে ঘুরে দেখা যায়, পুড়ে যাওয়া বগিগুলোর মধ্যে সর্বশেষটির নির্মাণকাজও প্রায় ৯০ শতাংশ শেষ হয়েছে।ঈদের আগে মেরামত ও সংস্কারকাজ শেষ করতে প্রতিদিন দুটি করে বগি মেরামতের লক্ষ্যমাত্রা নিয়ে গত এপ্রিল থেকে কাজ শুরু করেন পাহাড়তলী রেলওয়ের কারখানার কর্মীরা।