ঈদে যাত্রীদের নিরাপত্তায় রেল পুলিশের ছুটি বাতিল
ঈদ ঘিরে পশ্চিমাঞ্চলের রেল পুলিশকে (জিআরপি) সতর্ক থাকতে বলা হয়েছে। ট্রেনে যাত্রীর নিরাপত্তা, টিকিট কালোবাজারি রোধ ও নাশকতা ঠেকাতে সৈয়দপুর রেলওয়ে জেলা থেকে ওই সতর্কতা জারি করা হয়। গতকাল রোববার থেকে ওই তৎপরতা শুরু হয়েছে, যা চলবে ২৭ জুলাই পর্যন্ত। রেল পুলিশের ছুটিও বাতিল করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের প্রজ্ঞাপন থেকে ওই তথ্য জানা গেছে।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, ঈদে রেলস্টেশনগুলোতে টিকিট কালোবাজারি বেড়ে যায়। ট্রেনে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় চুরি, ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটে। এসব মাথায় রেখে এ অঞ্চলের ২৬টি রেলওয়ে স্টেশনে স্থাপন করা হয় তথ্যকেন্দ্র। ওই কেন্দ্র থেকে যাত্রীসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ শুরু হয়েছে। প্রতিটি স্টেশন ও তৎসংলগ্ন এলাকায় ঈদ শুভেচ্ছাসহ রেল পুলিশের কর্মসূচি-সংবলিত পোস্টার ও ব্যানার ঝোলানো হয়েছে। সৈয়দপুর রেলওয়ে জেলার অধীন রয়েছে ১২টি থানা। এগুলো হচ্ছে সৈয়দপুর সদর, দিনাজপুর, পার্বতীপুর, লালমনিরহাট, বোনারপাড়া, সান্তাহার, ঈশ্বরদী, সিরাজগঞ্জ, রাজশাহী, রাজবাড়ী, পোড়াদহ ও খুলনা থানা। এ ছাড়া ১৬টি রেলওয়ে ফাঁড়ি রয়েছে বিভিন্ন স্টেশনে।
রেল পুলিশ সূত্র জানায়, বড় বড় স্টেশনে মেটাল ডিটেক্টর দিয়ে সন্দেহভাজন যাত্রীদের তল্লাশি করা হচ্ছে। ট্রেনে ঈদে ঘরমুখী যাত্রীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সৈয়দপুর রেলওয়ে পুলিশ সুপারের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এতে স্থাপিত হটলাইনে ভুক্তভোগী যাত্রীদের যোগাযোগ করতে বলা হয়েছে। ট্রেনে বিলি করা হচ্ছে লিফলেট ও পোস্টার। যাতে লেখা রয়েছে ওই হটলাইন নম্বর।
সৈয়দপুর রেলওয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ বলেন, ঈদে ঘরমুখী যাত্রীদের নিরাপত্তাই এখন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এ জন্য রেল পুলিশের সব রকম ছুটি বাতিল করা হয়েছে।
পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমান প্রথম আলোকে বলেন, কোনোভাবে ট্রেনে অরাজকতা বরদাশত করা হবে না। এ জন্য নিয়োজিত থাকছেন ৬৬২ জন পুলিশ সদস্য। এ ছাড়া ২০০ ব্যাটালিয়ন আনসার, রেলপথ-সংশ্লিষ্ট জেলা পুলিশ ও মেট্রোপলিটন পুলিশকে সহযোগী হিসেবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন: পার্বতীপুর-ঢাকা রেলপথে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৩ জুলাই থেকে ওই ট্রেন ঈদুল ফিতরের ঘরমুখী যাত্রী পরিবহন শুরু করবে।
ঈদ স্পেশাল-১ ও ঈদ স্পেশাল-২ ট্রেনটির আসনসংখ্যা ৭৫৬। এর মধ্যে প্রথম শ্রেণির আসন ২৪টি, বাকিগুলো শোভন শ্রেণির।
এ ব্যাপারে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী বলেন, তিনি ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী পরিবহনের বিষয়টি মাথায় রেখে রেলওয়ে ওই বিশেষ ট্রেন চালু করছে। কেবল ঢাকা-পার্বতীপুর নয়, ঢাকা-খুলনা রুটেও ঈদে যাত্রীসেবা দেবে ওই এক জোড়া বিশেষ ট্রেন।