ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানুষের ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কে কাজ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও জেলা পুলিশ বিভাগের যৌথ দল। যানবাহনের চাপ কমাতে চট্টগ্রামমুখী পণ্যবাহী বড় গাড়িগুলো সীতাকুণ্ডের ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়ক (টোল সড়ক) দিয়ে ঘুরিয়ে দিচ্ছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় গিয়ে দেখা যায়, সিএমপি ও জেলা পুলিশের একটি দল যানজট কমাতে এক সঙ্গে কাজ করছেন।
সেখানে দায়িত্বরত ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ট্রাফিক উপপরিদর্শক (টিএসআই) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গত বুধবার রাত সাড়ে ১০টা থেকে মহাসড়কে যানবাহন বাড়ছে। যানজট এড়াতে পণ্যবাহী বড় গাড়িগুলো বন্দর বাইপাস সড়ক দিয়ে বন্দরের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহম্মদ পাঠান বলেন, মূলত চট্টগ্রাম নগরের প্রবেশ পথে যানজট এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে চট্টগ্রাম নগরের প্রবেশপথ সিটি গেট থেকে অলংকার পর্যন্ত যানজট হবে না। এতে যাত্রীবাহী বাসগুলো নির্বিঘ্ন শহর থেকে বের হতে ও শহরে ঢুকতে পারবে।