ঈদে যানজট ঠেকাতে মাঠে ৯০০ স্বেচ্ছাসেবক
আসন্ন ঈদে ঘরমুখী মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর পার্শ্ববর্তী বিভিন্ন যানজটপ্রবণ ১০টি স্পটে ৯০০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। ঈদের আগে পাঁচ দিন স্বেচ্ছাসেবকেরা পুলিশকে পরিবহন ব্যবস্থাপনায় সহায়তা করবেন।
আজ রোববার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডিজেলের মূল্যহ্রাসে দূরপাল্লার বাসে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকরে গাবতলী টার্মিনালে পরিচালিত বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তিন শিফটে সড়ক স্বেচ্ছাসেবকেরা কাজ করবেন। প্রতি শিফটে থাকবেন ৩০০ জন করে। স্কাউট, বিএনসিসি, এলাকাভিত্তিক বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের এ কাজে সম্পৃক্ত করা হবে বলে তিনি জানান।
অপর এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, আশুলিয়ার জিরাবো বাজার, ফ্যান্টাসি কিংডমের সামনে, বাইপাইল মোড়ে, চন্দ্রা মোড়, কোনাবাড়ী, কালিয়াকৈর মোড়, নবীনগর মোড়, কাঁচপুর, ভুলতা, মেঘনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এসব স্বেচ্ছাসেবক কাজ করবেন। এ ছাড়া গাজীপুর চৌরাস্তা, টঙ্গী, ভোগড়া ইত্যাদি পয়েন্টে কমিউনিটি পুলিশ কাজ করবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মহাসড়কগুলোর যানজটপ্রবণ এলাকায় নারী ও শিশুদের জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য মহাসড়কের পাশে এবং ফেরিঘাটে অস্থায়ী ভিত্তিতে টয়লেট নির্মাণ করা হবে।
সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক তথা চন্দ্রা মোড়ের সম্ভাব্য যানজট মোকাবিলায় যাত্রীদের জন্য তিনটি বিকল্প রুট হিসেবে কালিয়াকৈর-ধামরাই সড়ক, আরিচা-ঘিওর-নাগরপুর-টাঙ্গাইল সড়ক এবং কালামপুর-সাটুরিয়া-দেলদুয়ার-টাঙ্গাইল সড়ক ব্যবহারের জন্য প্রস্তুত করা হচ্ছে। ছোট আকারের যানবাহনগুলো এ তিনটি বিকল্প রুটে চলাচল করতে পারবে।
পরিদর্শনকালে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।