ঈদে রংপুরে টহলে থাকবে পুলিশের ২১টি দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদে রংপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রাখতে পুলিশের ২১টি টহল দল দিন-রাত অভিযানে থাকবে। গতকাল শনিবার ব্যবসায়ী ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় পুলিশ সুপার আবদুর রাজ্জাক এ কথা বলেন। গতকাল থেকেই এই টহল শুরু হয়েছে।

পুলিশ সুপারের সম্মেলনকক্ষে এ সভা হয়। সেখানে পুলিশ সুপার আরও জানান, জাল টাকা শনাক্তে রংপুরে কোরবানির পশুর হাটে ৪৮টি যন্ত্র স্থাপন করা হয়েছে।

সভায় রংপুর জেলা পশু চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল লতিফ, মহানগর দোকান মালিক সমিতির মহাসচিব রেজাউল ইসলাম, রংপুর নগরের সালেক মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় সমিতির সভাপতি মহিউল ইসলাম, সাংবাদিক আবদুল সাহেদ, বায়েজীদ হোসেন, লিয়াকত আলী, মেরিনা লাভলী প্রমুখ বক্তব্য দেন।

বক্তারা বলেন, ঈদে কোটি কোটি টাকার চামড়া কেনাবেচা হয়। ঈদের দিন ও এর পরের দিন ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় থাকেন। ঈদের ছুটিতে বিপণিবিতানগুলো বন্ধ থাকায় প্রতিবছরই দোকান ভেঙে লুটের ঘটনা ঘটে। ব্যবসা করে রাতে টাকা নিয়ে বাড়ি ফিরতে রাস্তায় নিরাপত্তা নেই। শহরের প্রতিটি মোড় ও রাস্তায় ছিনতাইয়ের ভয়। এসব থেকে পরিত্রাণ পেতে নিরাপত্তা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নগরকে যানজটমুক্ত রাখতে নিবন্ধনহীন অটোরিকশার বিরুদ্ধেও অভিযান চালাতে হবে। পশুর হাটসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি বন্ধে পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সেই সঙ্গে গ্রেপ্তার করতে হবে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীদের।

এসবের জবাবে জেলা পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, চোর-ছিনতাইকারীরা জেল থেকে বেরিয়ে আবার অপরাধ কর্মকাণ্ড শুরু করে। তবে অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না। তালিকাভুক্ত অপরাধীদের গ্রেপ্তারে আজ (শনিবার) থেকেই অভিযান শুরু করা হবে। নিবন্ধনহীন অটোরিকশা আটকেও অভিযান চালানো হবে।

মতবিনিময় সভায় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন।