ঈদে রাজনীতি নিয়ে জম্পেশ আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রাবণের বৃষ্টিভেজা সন্ধ্যায় সোঁদা বাতাস ভেদ করে মসজিদ থেকে ভেসে আসে আনন্দধ্বনি ‘ঈদ মোবারক’। বিভিন্ন মসজিদে ঈদুল ফিতরের নামাজের সময়সূচি ঘোষিত হতে থাকে। ঘরে ঘরে ছড়িয়ে পড়ে ঈদের খুশি, উচ্ছ্বাস। কলহাস্যে মেতে ওঠে সবাই।

নতুন চাঁদ নতুন অতিথির মতোই দ্রুত চলে যায়। রাতের অন্ধকারে থেমে থেমে শোনা যায় পটকা-আতশবাজির শব্দ। বাজারের মোড়ে অনেক দিন পর দেখা বন্ধুদের জড়িয়ে ধরে সুমন চট্টোপাধ্যায়ের গানের সুরে মন বলে ওঠে, ‘বন্ধু কী খবর বল, কত দিন দেখা হয়নি!’ কোলাকুলি-আড্ডায় গভীর হয় রাতের মিলনমেলা। সন্ধ্যার পর থেকে ভিড় বাড়তে থাকে সেলুনগুলোতে। এক মাসের খোঁচা খোঁচা দাড়ি বিসর্জন দেওয়ার পালা জমে ওঠে।

গ্রামে নতুন পোশাক কেনার ব্যাপারটি একটু ভিন্ন রকমের। মা-বাবারা নিজের জন্যে না হলেও বাড়ির শিশু ও বৃদ্ধদের জন্য নতুন পোশাক ও জুতা-স্যান্ডেল কেনেন।

বাজারে মেলে শার্ট-প্যান্ট, পায়জামা-পাঞ্জাবি, শাড়ি, সালোয়ার-কামিজসহ নানান প্রচলিত পোশাক। সাধারণত কেরানীগঞ্জের কালীগঞ্জ পাইকারি বাজার থেকে তৈরি হওয়া কাপড় আনেন বিক্রেতারা। মুরব্বিরা প্যান্ট-শার্ট বানিয়ে নেন দর্জির দোকান থেকে। ফকিরহাট বাজারের ব্যবসায়ীরা জানালেন, চাঁদরাতে রাত তিনটা পর্যন্ত বেচাকেনা করেছেন। এতে মোটামুটি খুশি তাঁরা।

তবে জিনিসপত্রের দাম যথেষ্ট। পাঞ্জাবি ৫০০ থেকে দুই হাজার টাকা। মাছ-মাংসের দামে কাঠ-কয়লার উত্তাপ। ঈদের আগের রাতে গরুর মাংসের কেজি ২৮০ টাকা, মাঝারি আকারের মুরগির জোড়া ৭০০ টাকা, খাসির মাংস ৪৩০ টাকা প্রতি কেজি। লক্ষণীয়, বাজারে বড় মাছ মেলে না বললেই চলে। চিংড়ির এলাকা বলে খ্যাত বাগেরহাটের গ্রামীণ বাজারে বড় গলদা চিংড়ি মেলে না। বড় রুই-কাতলা-মৃগেলের দেখা ভার। মেলে ছোট ও মাঝারি আকারের মাছ। মাছের বাজারজুড়ে কেবল ইলিশ, চাষের কই-পাঙাসের প্রাধান্য। আছে ছোট চিংড়ি, দেশি বেলে, মাগুর। দেশি মাগুরের কেজিপ্রতি দাম ৮০০ টাকা। বাজারে প্রচুর শাকসবজি, আর দামেও সস্তা।

মাঠের মোড়ে, স্কুলের চৌরাস্তায়, বাজারে—সবখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত আলোচনা দেশ ও রাজনীতি নিয়ে। লোকেদের আলোচনায় উঠে এলো এক ধরনের বিশ্লেষণমূলক চিন্তাধারা। সবার প্রশ্ন, সঠিক সময়ে নির্বাচন হবে তো? অনেকের মতে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না মানলে আওয়ামী লীগ বড় ভুল করবে। এক ব্যক্তির জন্য পদ্মা সেতুর কাজ শুরু হলো না। বাংলাদেশ বিশ্বে পরিচিত ড. মুহাম্মদ ইউনূসের নামে। তাঁকে অসম্মান করা সরকারের ঠিক হয়নি। অনেকে জানান ভিন্ন মত।

মন্ত্রীদের মধ্যে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে বেশি নম্বর দিলেন অনেকেই। অনেকের বদ্ধমূল ধারণা, ৫ মে শাপলা চত্বরে পুলিশের গুলিতে অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। বাতি নিভিয়ে অভিযান চালানো সঠিক হয়নি। বিএনপি এখন হেফাজতকে ইস্যু করছে, কিন্তু ক্ষমতায় গেলে দলটি হেফাজতের ১৩ দফা মেনে নেবে না। মানবতাবিরোধী বিচারের নামে সরকার প্রহসন করছে—এমন অভিযোগও অনেকের কণ্ঠে। প্রশ্ন ওঠে, সাঈদীর ফাঁসি হলো, কিন্তু গোলাম আযমের কেন হলো না? অনেকে বললেন, বিচার চলাকালে এই আইনের সংশোধন ঠিক হয়নি। তরুণদের অনেকেই বাগেরহাট-১ আসনে নতুন মুখ দেখতে চাইলেন। সবাই একমত, রাজনীতিবিদদের ব্যর্থতার সুযোগে কোনো তৃতীয় শক্তি যেন চেপে না বসে।

এখন শ্রাবণ মাস। রঙ্গন-বেলি-জবায় রঙিন প্রকৃতি। মাঠে আউশ ধান,  ঘেরে দাবড়ে বেড়াচ্ছে কচি পোনা। বরজে লকলকে নতুন পান। এই সজীবতা, এই তারুণ্য যেন আরও বর্ণময় ঈদের এই দিনে।