ঈদে রেলের বহরে যুক্ত হচ্ছে নতুন চার ইঞ্জিন
ঈদে রেলের বহরে যুক্ত হচ্ছে নতুন চারটি ইঞ্জিন। জাইকার অর্থায়নে কোরিয়া থেকে এসব ইঞ্জিন আমদানি করা হয়েছে। আরও সাতটি নতুন ইঞ্জিন আগামী আগস্টে দেশে আসছে।
প্রথম চালানের নতুন চারটি ইঞ্জিন দিয়ে ঈদে বাড়তি চাপ সামলানো যাবে বলে মনে করছেন রেলের কর্মকর্তারা।
গত সোমবার চট্টগ্রাম বন্দর থেকে এসব ইঞ্জিন খালাস করা হয়। এখন রেলের ওয়ার্কশপে নতুন ইঞ্জিনগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
রেল সূত্র জানায়, কোরিয়ার মারুবেনি করপোরেশন থেকে প্রতিটি ইঞ্জিন কেনাবাবদ খরচ পড়েছে প্রায় ৩০ কোটি টাকা। প্রতিটি ইঞ্জিন এক হাজার ৫৭৫ অশ্বক্ষমতার।
বর্তমানে রেলের পূর্বাঞ্চলে ১২৬টি ইঞ্জিন আছে। তবে মেরামতসহ নানা কারণে নিয়মিত সচল পাওয়া যায় ৯০ থেকে ১০০টি।
রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. তাফাজ্জল হোসেন বলেন, ঢাকা-মোহনগঞ্জে নতুন একটি আন্তনগর ট্রেন চালু হবে। সেখানে নতুন একটি ইঞ্জিন ব্যবহূত হবে। ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ লাগব করতে অপর তিনটি ইঞ্জিন ব্যবহার করা হবে। এতে রেলের ইঞ্জিনের কিছুটা হলেও সংকট দূর হবে।