ঈদে লঞ্চঘাটে বাড়তি তদারকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএল পিনাক-৬-এর মতো দুর্ঘটনা এড়াতে পবিত্র ঈদুল আজহার আগে ও পরে লঞ্চঘাটগুলোয় অতিরিক্ত তদারকির ব্যবস্থা করার কথা বলছে নৌপরিবহন মন্ত্রণালয়। গুরুত্বপূর্ণ লঞ্চ টার্মিনাল এলাকায় যাতে পশুর হাট না বসে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও জেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছে তারা।
গতকাল রোববার রাজধানীর একটি রেস্তোরাঁয় নৌপরিবহন মন্ত্রণালয় আয়োজিত সভা থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় একাধিক বক্তা ঈদ ও পূজা উপলক্ষে টার্মিনাল, ঘাট ও লঞ্চগুলোয় যাত্রীদের অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার, যাত্রীদের লঞ্চের ছাদে ওঠাতে কর্মচারীদের উৎসাহ না দেওয়া এবং যাত্রীদেরও অধিক সচেতন হওয়ার ব্যাপারে গুরুত্ব দেন।
সভায় বিভিন্ন জেলা ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা বলেন, ঈদুল আজহা ও দুর্গাপূজা কাছাকাছি সময়ে উদ্যাপিত হবে বলে সড়ক ও নৌপথে বাড়তি চাপ থাকবে। এ জন্য পর্যাপ্তসংখ্যক ফেরি ও সি-ট্রাক থাকা জরুরি।
সভায় শ্রমিক ফেডারেশন প্রতিনিধি অভিযোগ করেন, অনেক ফেরিঘাটে নিয়ম ভেঙে যানবাহনপ্রতি ৬০০ থেকে এক হাজার টাকা আদায় করা হয়। যারা বেশি টাকা দেয়, তাদের আগে নদী পার করা হয়। রাজবাড়ী, চাঁদপুর, শরীয়তপুর ও মানিকগঞ্জের পাটুরিয়ায় এ ঘটনা বেশি ঘটে।
সভার সভাপতি নৌপরিবহনমন্ত্রী মো. শাজাহান খান বলেন, চাঁদপুরসহ বিভিন্ন ঘাটে নিয়ন্ত্রণহীনভাবে চাঁদাবাজি হয়। ইজারাদারদের অত্যাচারে সবাই অতিষ্ঠ। এ কারণে ঘাটগুলো ইজারামুক্ত করা হবে।