ঈদে সদরঘাটে নতুন টার্মিনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লঞ্চযাত্রীদের চলাচলের সুবিধার্থে ঈদের আগেই রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালের পশ্চিমে একটি নতুন টার্মিনাল চালু করা হবে। ঈদের সময় লঞ্চে অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাত্রী ভরলেই লঞ্চগুলোকে সদরঘাট ছাড়তে হবে। পথে নৌকা বা অন্য কোনো নৌযানে যাত্রী বা মালামাল ওঠানো যাবে না।
গতকাল মতিঝিলে অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভবনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নৌ মন্ত্রণালয়ের ঈদ ব্যবস্থাপনা-বিষয়ক এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সদরঘাটের পশ্চিমে নতুন চারতলা টার্মিনাল ভবনের তিন তলা পর্যন্ত নির্মাণকাজ শেষ হয়েছে। তবে সেখানে গিয়ে দেখা যায়, এখন পর্যন্ত যাত্রীদের বসার কক্ষগুলোয় এবং বারান্দায় চেয়ার-টেবিল বসানো হয়নি।
গতকালের সভার সভাপতি নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, যাত্রীদের সুবিধায় নতুন লঞ্চ টার্মিনাল চালু করা ছাড়াও সদরঘাট টার্মিনালে নতুন তিনটি পন্টুন স্থাপন ও যাত্রীদের টিকিটের জন্য সদরঘাটে টিকিট কাউন্টার খোলা হয়েছে। ঢাকাসহ দেশের অন্যান্য স্থানেও লঞ্চ টার্মিনালগুলোতে যাত্রীদের নিরাপত্তা বিধানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। নিরাপদ ও সুষ্ঠু নৌ চলাচল এবং যাত্রীসেবা নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা রাখা হবে।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের তিন দিন আগে ও পরে ফেরিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান পারাপার বন্ধ থাকবে। এ ছাড়া সন্ধ্যার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সব ধরনের মালবাহী জাহাজ, বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধের নির্দেশ থাকবে।
সভায় আরও সিদ্ধান্ত হয়, লঞ্চের স্বাভাবিক চলাচলের জন্য নৌপথে সব ধরনের মাছ ধরার জাল পাতা বন্ধ রাখতে হবে। যাত্রী ওঠার সময় থেকে লঞ্চের চালক, মাস্টার ও অন্য কর্মচারীদের অবস্থান নিশ্চিত করতে হবে। সূর্যাস্তের পর স্পিডবোট চলবে না। দিনে স্পিডবোটের যাত্রীদের অবশ্যই ‘লাইফ জ্যাকেট’ পরতে হবে। সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নৌ-পরিবহন মন্ত্রণালয় প্রয়োজনীয় সংখ্যক ভিজিল্যান্স দল গঠন করবে। ফেরিঘাটে ‘সিরিয়াল’ দেওয়ায় কোনো ধরনের অনিয়ম করা যাবে না।
সভায় অন্যদের মধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হক, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান মো. মিজানুর রহমান, নৌ-পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম. জাকিরুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন। নৌ-পুলিশ, লঞ্চমালিক, শ্রমিক, সড়ক পরিবহন ফেডারেশন, ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির প্রতিনিধি এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপাররাও সভায় অংশ নেন।