ঈদের ছুটিতে দেশের সব সরকারি হাসপাতালে জরুরি বিভাগ ও অন্তর্বিভাগ খোলা থাকবে। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকবে। কমিউনিটি ক্লিনিকগুলোতে ঈদের পরের দিন সেবা পাওয়া যাবে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্র এ কথা জানিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ঈদের ছুটির কারণে হাসপাতালে চিকিৎসাসেবায় কোনো সমস্যা হবে না। প্রতিটি হাসপাতালে সেবা স্বাভাবিক রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
রাজধানীর একাধিক হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের ছুটির কারণে হাসপাতালে জনবলের কোনো সমস্যা হবে না। প্রয়োজনীয় জনবল ঠিক রেখেই চিকিৎসক, নার্স ও অন্যদের ছুটি মঞ্জুর করা হয়েছে। ঈদের ছুটিতে রাজধানীর হাসপাতালগুলোতে রোগীর চাপ তুলনামূলক কম থাকে।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া বলেন, ঈদের ছুটিতে হাসপাতাল সেবা অব্যাহত রাখার জন্য একাধিক সভা হয়েছে। ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল গঠন করা হয়েছে, তাঁরা নিয়মিত হাসপাতালে আসবেন। হাসপাতাল পরিষ্কার রাখার ব্যাপারেও জনবল ঠিক করা হয়েছে। তিনি বলেন, অন্যান্য সময় হাসপাতালে ৮৫০ জনের বেশি রোগী ভর্তি থাকে। ছুটিতে ৩৫০ জনের বেশি রোগী থাকবে না।
মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রায়েন বঙ্কিম হালদার প্রথম আলোকে বলেন, ‘হাসপাতালের জরুরি বিভাগ, ক্যাজুয়ালটি বিভাগ এবং অন্তর্বিভাগ অন্যান্য সময়ের মতো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগের দিন ও ঈদের দিন বহির্বিভাগ বন্ধ থাকলেও পরের দিন খোলা থাকবে।’
বরাবরের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তর্বিভাগে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা অব্যাহত থাকবে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সসহ রাজধানীর সরকারি বিশেষায়িত হাসপাতালগুলোর জরুরি বিভাগ খোলা থাকবে। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে স্নায়ুর রোগীদের জরুরি সেবার জন্য হাসপাতালের জরুরি বিভাগ ২৪ ঘণ্টা খোলা থাকবে। শুধু বহির্বিভাগ ঈদের আগের দিন ও ঈদের দিন বন্ধ থাকবে।
একাধিক হাসপাতালের পরিচালক জানিয়েছেন, ঈদের দিন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের উন্নতমানের খাবার দেওয়া হবে।