ঈদে সড়ক ও নৌপথ নির্বিঘ্ন করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জে গতকাল রোববার জেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা ঈদের সময় সড়ক ও নৌপথ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম শওকত আলম মজুমদার।
সভায় কমিটির সদস্যরা বলেন, ঈদের সময় নৌপথে ডাকাতি ও দুর্ঘটনা বৃদ্ধি পায়। এসব ঘটনা রোধে নৌপুলিশকে তৎপর থাকতে হবে। এ ছাড়া দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রীরা নানা বিপত্তির মুখে পড়ে। তারা যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যানবাহনের ভাড়া বৃদ্ধির ব্যাপারেও সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা।
জেলার বিভিন্ন এলাকার মাদকসংক্রান্ত সমস্যা নিয়েও কথা বলেন কমিটির সদস্যরা। তাঁরা বলেন, জেলা সদরের বিনোদপুর, আবদুল্লাহপুর, আলদীবাজার এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবীদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। এ ছাড়া সরকারি হরগঙ্গা কলেজের পুরোনো ছাত্রাবাসের ভেতরে মাদকসেবীদের আড্ডার কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হচ্ছে। এসব রোধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি সদর উপজেলার রামপালে বল্লাল সেনের দিঘি দখলদারদের হাত থেকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
সভায় আলোচনায় অংশ নেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ মাহফুজুল হক, সাবেক অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জি, সহকারী পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মো. সামছুজ্জামান, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মেহেরুন নেসা, আইনজীবী গোলাম মাওলা, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি শ ম কামাল প্রমুখ।