ঈদে সড়কে দুর্ভোগ হলে দায়ীদের কপালেও 'দুর্গতি' আছে

এবার ঈদে রাস্তায় যেখানে জনদুর্ভোগ হবে সেখানে দায়ী প্রকৌশলী ও ঠিকাদারের কপালেও দুর্গতি নেমে আসবে বলে হুঁশিয়ার করেছেন পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বারবার ঈদের আগে প্রস্তুতি নেওয়া ঠিক নয়। বছরের ৯ মাস নাকে তেল দিয়ে ঘুমাব আর তিন মাস আমরা সচেতন হব এটা হয় না। সারা বছরই রাস্তা মেরামতের কাজ করতে হবে।’ অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার রাস্তার অবস্থা ভালো বলেও দাবি করেন তিনি।
আজ মঙ্গলবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শনে গিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ঈদের আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অবস্থা স্বচক্ষে দেখতে এ এলাকায় যান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী সেপ্টেম্বরে গাজীপুরের জয়দেবপুর ও টাঙ্গাইলের এলেঙ্গায় চার লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ শুরু হবে। এর মধ্যে এ প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে এবং কার্যাদেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, ভূমি অধিগ্রহণ ছাড়াও রাস্তার পাশে বসতবাড়ি আর মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন স্থাপনা থাকায় নবীনগর-বাইপাইল-উত্তরা সড়কটি চারলেনে উন্নীত করা সম্ভব হচ্ছে না। সেজন্যই ওই পথের ২২ কিলোমিটার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে।
ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের পর কবে তা উদ্বোধন হবে জানতে চাইলে মন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ব্যস্ত থাকায় আগামী ৭ দিনের মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর ফোর লেন এবং বিরুলিয়া সেতু উদ্বোধন করবেন। আর দুমাস পর উদ্বোধন করা হবে ময়মনসিংহ মহাসড়কের চার লেন।
বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ প্রথম আলোকে বলেন, ঈদের সময় সড়ক ও মহাসড়কে যে যানজট সৃষ্টি হয় এতে জনসাধারণকে চরম ভোগান্তি পোহাতে হয়। তিনি বলেন, ঈদে সব সড়ক ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে পরিবেশবাদী ও নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারকে দাবি জানানো হয়েছে।
সড়ক পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে অধ্যাপক সৈয়দ আবুল মকসুদ ছাড়াও সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আফতাব উদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান, কালিয়াকৈরের পৌর মেয়র মজিবুর রহমান, ঢাকা সওজের নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান ও গাজীপুর সওজের নির্বাহী প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খানসহ সড়ক ও জনপথের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।