ঈদে সড়কে স্বেচ্ছাসেবক ও অস্থায়ী টয়লেট থাকবে: কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের সময় যানজট নিয়ন্ত্রণে রাখতে ১৪টি স্থানে এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঈদের আগে পাঁচ দিন স্বেচ্ছাসেবকেরা ট্রাফিক পুলিশকে সহায়তা করবেন।
গতকাল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
সড়ক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হবে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও স্কাউট সদস্যদের মধ্য থেকে। তাঁদের কিছু সম্মানীও দেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ঈদযাত্রায় মহাসড়কগুলোতে যানজটপ্রবণ স্থানে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অস্থায়ীভাবে টয়লেট নির্মাণ করা হবে। মহাসড়কের পাশে অবস্থিত রেস্তোরাঁ ও সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের শৌচাগারগুলো ব্যবহারের উপযোগী রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা মোকাবিলায় ১৬৫ কোটি টাকা ব্যয়ে সারা দেশের ১৪৪টি দুর্ঘটনাপ্রবণ স্থানে সড়ক বিভাজক নির্মাণ ও প্রশস্তকরণের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে।