ঈদে ১০ দিনের ছুটির দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঈদে ১০ দিন ছুটির দাবিতে সড়ক অবরোধ ও কারখানায় ভাঙচুর করেছেন। গতকাল রোববার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের তিন সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।
স্পেরো অ্যাপারেলস লিমিটেড নামের ওই কারখানার শ্রমিকেরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে তাঁরা ১০ দিনের ছুটি দাবি করে আসছিলেন। কর্তৃপক্ষ বেশ কিছুদিন ধরে প্রতিদিনের নির্ধারিত কর্মঘণ্টার সঙ্গে অতিরিক্ত এক ঘণ্টা করে কাজ করিয়ে রাখে। এ ছাড়া ঈদে বাড়তি ছুটির আশ্বাসে শ্রমিকেরা সাপ্তাহিক ছুটির দিনও কাজ করেন। কিন্তু গতকাল রোববার কর্তৃপক্ষ জানিয়ে দেয়, ঈদ উপলক্ষে শ্রমিকেরা ছুটি পাবেন আট দিন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকেরা গতকাল কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন।
জয়দেবপুর থানার এসআই আল আমিন বলেন, একপর্যায়ে শ্রমিকেরা গাজীপুর-ঢাকা সড়ক অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সরিয়ে দেয়। বিকেল চারটার দিকে সড়কে যানচলাচল স্বাভাবিক হয়।