ঈদে ১১ ঝুঁকিপূর্ণ স্থানে টহল দেবে কোস্টগার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে বরিশালে ঈদ করতে কয়েক লাখ মানুষ নৌপথে আসা শুরু করেছে। ঈদে বরিশাল-ঢাকা নৌপথে যাত্রীদের নিরাপত্তা দিতে ১১টি ঝুঁকিপূর্ণ স্থানে টহল দেবে কোস্টগার্ড। যাত্রী নিরাপত্তায় গতকাল বুধবার থেকে কাজ শুরু করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নিরাপত্তা বিভাগ এসব তথ্য জানায়।
বিআইডব্লিউটিএর চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলো হচ্ছে কীর্তনখোলা নদীর চরমোনাই, বেলতলা, মেহেন্দিগঞ্জ এবং হিজলা উপজেলার মেঘনা নদীর কালীগঞ্জ, মিয়ার, মল্লিকপুরসহ চারটি স্থান, চাঁদপুর জেলার হাইমচর, হরিণ, মুন্সিগঞ্জের আলুবাজার এবং ভোলার তেঁতুলিয়ার একটি ও কালাবদর নদীর একটি স্পট।
কোস্টগার্ড বরিশাল কন্টিনজেন্ট কমান্ডার এম আমিনুল হক জানান, ঈদ উপলক্ষে জলদস্যুদের তৎপরতা রোধ করা এবং যাত্রী নিরাপত্তায় বরিশাল-ঢাকা নৌপথে অতি ঝুঁকিপূর্ণ এলাকায় কাজ করবে কোস্টগার্ড। এ ছাড়া নৌপথে সার্বক্ষণিক টহলসহ নজরদারি করা হবে।
বিআইডব্লিউটিএর বরিশালের নৌনিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাশার মজুমদার বলেন, কোস্টগার্ড নৌপথের ঝুঁকিপূর্ণ স্থান ছাড়াও সার্বিকভাবে টহল দেবে। এ ছাড়া নদীপথের সংশ্লিষ্ট থানাগুলোকেও নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।