ঈদে ৬ আগস্ট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল নৌ-রুটে বিভিন্ন লঞ্চের ডেকের ভাড়া সরকার-নির্ধারিত ভাড়া থেকে ১৮ টাকা কম নেওয়া হবে। সরকার-নির্ধারিত ভাড়া অনুযায়ী এই রুটে ভাড়া ২৫৮ টাকা। এবার যাত্রীদের দিতে হবে ২৪০ টাকা। এ ছাড়া আগামী ৬ থেকে ১০ আগস্ট পর্যন্ত বিশেষ লঞ্চ সার্ভিস চালু থাকবে। ঈদের পরে ঢাকায় ফেরা যাত্রীদের জন্য ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিশেষ এই সার্ভিস চালু রাখা হবে। গতকাল মঙ্গলবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে নৌ-বিষয়ক আন্তসংস্থা, বিভিন্ন প্রশাসন এবং মালিক সমিতির ‘ঈদ ব্যবস্থাপনাবিষয়ক’ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিআইডব্লিউটিএর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার পক্ষ থেকে ঈদে নতুন সাতটি লঞ্চ নামানোর ঘোষণা দেওয়া হয়। এতে ১০ হাজারের বেশি অতিরিক্ত যাত্রী বহন করা সম্ভব হবে বলেও জানানো হয়। ঈদ উপলক্ষে ১৮ টাকা কম নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সভার সভাপতি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার বলেন, এবার ঈদ উদ্যাপন করতে সদরঘাট নৌপথ দিয়ে আগের তুলনায় বেশিসংখ্যক যাত্রী বিভিন্ন গন্তব্যে যাবেন বলে আশা করা যায়। ঈদ ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বিআইডব্লিউটিএর সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটিও বাতিল করা হবে বলে তিনি জানান।অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান মো. মজিবর রহমান বলেন, বিআইডব্লিউটিসির পাঁচটি স্টিমার ৬ আগস্ট থেকে বিরামহীনভাবে চলাচল করবে।