ঈদে 'অন্য রকম' গ্রাম দেখা, পালগিরী হোক উদাহরণ

দুনিয়াজুড়ে অসুখ। সেরে ওঠার লক্ষণ নেই, সময়টা বড্ড খারাপ। ঈদুল ফিতরে অফিসের ছুটি মেলেনি তবে ঈদুল আজহায় মিলেছে। কত দিন দেখি না গ্রাম। গ্রামের সবুজ মাঠ, মেঠোপথ, রসিক মানুষ, সহজ-সরল কত পবিত্র মুখ আর মায়ের আদর। সবই যেন ভুলতে বসা। কিন্তু ভুলে থাকা বেশিক্ষণ জমিয়ে রাখা কারও জন্যই উচিত নয়। ছুটি যেহেতু মিলেছে, সিদ্ধান্ত চূড়ান্ত, স্বপ্ন যাবে বাড়ি।
ঈদের আগের দিন বাসে চড়া। সামাজিক দূরত্ব নিয়ে টেলিভিশনের বড় বড় বুলি সবই যেন হাওয়াই মিঠাই খোদ টার্মিনালেই। যা-ই হোক, বাসের আগের ভাড়া এখন দ্বিগুণ, কিন্তু আসনে আসনে লোক ভর্তি। সবার তাড়া, বাসের সংকট, প্রতিবাদী হলে বাসওলা সোজা নামিয়ে দেবে। হালকা প্রতিবাদ করায় পাশের সিট খালি রাখতে বাধ্য হলো বাসওলা। বুঝলাম! প্রতিবাদী হলে সফলতা আসবেই। অতঃপর ছুটে চলা, গন্তব্যে, আপন ঠিকানায়। যেখানে বিশুদ্ধতায় ঘেরা চারপাশ। বিকেলের স্নিগ্ধতায় পশ্চিম আকাশে যখন সোনালি আভা, পৌঁছলাম পালগিরী বাসস্টেশন, কচুয়া, চাঁদপুর।
সে কি! এত মানুষের জটলা কেন? মারামারি হলো নাকি! একটু সামনে এগোতে বাসস্টেশনে কিছু চেনা মানুষের মুখ! অভাব-অনটন আর সীমাবদ্ধতায় যাদের জীবন ঘণ্টায় বন্দী, তাদের মুখে হাসি, কারও হাতে, কারও কাঁধে বড় বড় প্যাকেট। পরিচিতজনদের কাছ থেকে জানা, গ্রামের বাসিন্দাদের অনলাইন প্ল্যাটফর্ম, পালগিরী! আমার গ্রাম, আমার প্রাণের পক্ষ থেকে দরিদ্র মানুষকে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবকদের গায়ে পালগিরী! আমার গ্রাম, আমার প্রাণসংবলিত টি-শার্ট যেন তার প্রামাণিক দলিল। এমন উদ্যোগ, সাধারণত শহুরে অঞ্চলে দেখা যায়, পিছিয়ে থাকা একটা গহিন গ্রামে তারুণ্যের এমন উদ্যোগ সত্যি বুকটা ভরিয়ে দেয়। মনে মনে তাদের স্যালুট দিলাম!

ঈদের বিকেলে গ্রামের বন্ধুদের কাছ থেকে গ্রুপটি সম্পর্কে আরও বিস্তারিত জানলাম। সামাজিক মাধ্যম ব্যবহারকারী গ্রামের সব বয়সী মানুষের বড় অংশ এতে সম্পৃক্ত। একটু খারাপ লাগল, দূরে বলে এখনো যুক্ত না হওয়ার বেদনায়। বন্ধুরা আমন্ত্রণ জানাল, পালগিরী! আমার গ্রাম, আমার প্রাণের আগামীকালের অনুষ্ঠানের যোগদানের। সেখানে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। যথারীতি ঠিক সময়ে অনুষ্ঠানস্থলে হাজির। একঝাঁক তারুণ্য আর অভিজ্ঞদের মিলনমেলা। উপস্থাপক আরেফিন শাকিল একে একে বিজয়ীদের নাম ঘোষণা করছেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ‘ক’ গ্রুপের জন্য রচনা ছিল ‘আমার গ্রাম’ আর উচ্চমাধ্যমিক থেকে বড়দের ‘খ’ গ্রুপের জন্য ‘করোনার প্রকোপ: সমস্যা আর সম্ভাবনা’। মজার বিষয়। মহাদুর্যোগ করোনা থেকে সম্ভাবনা দেখার স্পর্ধা! শব্দটা এ জন্য, তামাম দুনিয়ার কাছে করোনা এখনো বড় অভিশাপ। কিছু রচনা পড়তে চাইলাম গ্রুপের এডমিন আরেফিন শাকিল আর আকতার হোসেন রানার কাছে। পড়লাম, কী দারুণ লেখা! ভুল ভাঙল, অবহেলিত আর পিছিয়ে থাকা শব্দে ওরা বন্দী নয়, ওরা অজুহাত খোঁজে না, উদাহরণ তৈরি করে। আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও হিমালয়সম ইচ্ছা আর অনন্য মেধায় তারা এগিয়েছে। তীব্র লড়াই করে দুই গ্রুপের ছয়জন পুরস্কার পেয়েছে। গ্রুপের মডারেটর আবু হানিফ সবুজ জানাল, আগামী দিনে তারা বৃত্তি, বৃক্ষরোপণ, শিক্ষামূলক প্রতিযোগিতাসহ গ্রামের উন্নয়নে কয়েক ধরনের পদক্ষেপ নিয়েছে। অভিভাবকের ছায়া তাদের সমর্থন দিচ্ছে গ্রামের প্রবাসী আর বিত্তশালী চাকরিজীবীরা।

রানা আর শাকিল জানাল, এক ঝাঁক অদম্য স্বেচ্ছাসেবক কঠিন সব কাজ সহজ করে দিচ্ছে। সাব্বির হোসেন রিয়াদ, ইমাম হোসেন, ফারুক, মনির, পারভেজ, মোহন, সাইফুল, মাহবুবসহ এমন অন্তত কয়েকজন সম্মুখযোদ্ধা গ্রামের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পরিচিত হলাম, টুপি খোলা অভিনন্দন জানালাম তাদের। রিয়াদ বলল, ‘আমাদের কাজের বড় শক্তি গ্রামের বড় ভাইরা। মুকুল ভাই, বাবু ভাই, কবির ভাই, ইকবাল ভাই, জামসেদ ভাইসহ বড়দের সমর্থন আর সহযোগিতা ছাড়া এমন কাজ অসম্ভব’। ধন্যবাদ তাদেরও।
তিন দিন গ্রুপটির আরও কাজ দেখলাম। সত্যিই তো, তরুণেরা এগিয়ে না এলে সমাজ বদলাবে কেমন করে? প্রজন্ম এগিয়ে যাবে কোন ধারায়? ফেসবুকে এখন লক্ষাধিক গ্রুপ। প্রতিনিয়ত ইনভাইট আর ইনভাইট। তবে, তার মধ্যে পালগিরী! আমার গ্রাম, আমার প্রাণের মতো গ্রুপ যত হবে, ততই মঙ্গল দেশের, জাতির। তাতে বদলাবে সমাজ, পিছিয়ে থাকবে না কোনো মানুষ। শুভ কামনা তারুণ্য, এগিয়ে যাক সমাজ…এবার ভিন্ন রকম গ্রাম দেখানোয় ধন্যবাদ, পালগিরী! আমার গ্রাম, আমার প্রাণসংশ্লিষ্টদের। এমন গ্রুপ বেশি বেশি হোক...
লেখক: বেসরকারি চাকরিজীবী, ঢাকা