ঈদেও দাঁড়াতে পারছেন না পাবনার তাঁতিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কয়েক দিন পর ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে সাধারণত নানা পণ্যের বিক্রি বাড়ে। কিন্তু এ বছর তাঁতের তৈরি শাড়ি ও লুঙ্গির চাহিদা বাড়েনি। এ কারণে পাবনার তাঁতিরা চিন্তিত হয়ে পড়েছেন। কারণ রং ও সুতার দাম বাড়ায় এমনিতেই তাঁতের পণ্য বিক্রি করে আগের মতো লাভ হয় না। উপরন্তু, আগের মতো চাহিদা না থাকায় বিক্রির পরিমাণও কমে গেছে। এবার উৎপাদিত তাঁতসামগ্রীর মধ্যে ৪০ শতাংশ অবিক্রীত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।তাঁতশ্রমিক ও তাঁতযন্ত্রের মালিকেরা জানান, দীর্ঘদিন ধরে রং ও সুতার দাম অব্যাহতভাবে বাড়ায় এবং তাঁতের তৈরি পণ্যসামগ্রীর দাম কমে যাওয়ায় এই শিল্প মুখ থুবড়ে পড়েছে। দেনার দায়ে পেশা পরিবর্তন করেছেন বহু শ্রমিক। তবে যাঁরা এখনো বাপ-দাদার পেশা ধরে বসে আছেন, তাঁরাও এবার হতাশ। সারা বছর তাঁতের তৈরি সামগ্রীর চাহিদা না থাকলেও ঈদে তাঁদের প্রচুর বিক্রি বেড়ে যেত। এতে অনেকটাই পুষিয়ে যেত বছরের ক্ষতি। এবারও তাঁদের তেমনটাই আশা ছিল। কিন্তু বিক্রি কমে যাওয়ায় ঈদ উপলক্ষেও তাঁরা তেমন লাভ করতে পারবেন না।তাঁতশ্রমিক ও মালিকেরা জানান, পাবনায় সবচেয়ে বেশি উৎপাদন হয় শাড়ি ও লুঙ্গি। এসব সামগ্রীর প্রধান ক্রেতা হচ্ছে কৃষক এবং মধ্য ও নিম্নবিত্ত পরিবারের লোকজন। সারা বছর এঁরা কাপড় না কিনলেও প্রতি ঈদের আগে পরিবারের নারী সদস্যদের জন্য অন্তত একটি শাড়ি ও পুরুষ সদস্যদের জন্য একটি লুঙ্গি কেনেন। কিন্তু এবার ধান, পাটসহ সব পণ্যের দাম কম থাকায় তাঁরা ঈদে নতুন কাপড় কেনার কথা ভাবছেন না। অন্যদিকে দেশের বাইরে ভারত, শ্রীলঙ্কাসহ বেশ কিছু দেশে পাবনার তাঁতপণ্য রপ্তানি হতো। এবার এসব দেশেও রপ্তানি কমে গেছে।পাবনার সদর উপজেলার দোগাছি ও আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের তাঁতের কাপড় তৈরির গ্রামগুলোতে গিয়ে জানা গেছে, এ দুই ইউনিয়নে ১০টি গ্রামের ১৫ হাজার পরিবার বংশপরম্পরায় তাঁতশিল্পের সঙ্গে জড়িত। প্রতিবছর ঈদ উপলক্ষে তৈরি কাপড়ের চাহিদা বেড়ে যাওয়ায় গ্রামগুলোতে সৃষ্টি হয় উৎসবের আমেজ। কিন্তু এ বছর তেমন আমেজ নেই। সবার মনেই হতাশা বিরাজ করছে। অধিকাংশ কারখানায় দুই থেকে চারটি তাঁতকল বন্ দেখা গেছে।জেলা তাঁতি সমিতির সভাপতি সম্রাট শাহজাহান বলেন, কৃষকের হাতে টাকা নেই। তাঁরা সারা বছর কী খাবেন তা নিয়েই চিন্তিত। তাই কাপড় কিনছেন না। অন্যদিকে বিভিন্ন কারণে বিদেশে কাপড় রপ্তানি বন্ রয়েছে। এ অবস্থায় উৎপাদিত পণ্য অবিক্রীত থাকাটাই স্বাভাবিক। আমাদের হিসাব অনুযায়ী, এবার জেলায় উৎপাদিত কাপড়ের প্রায় ৪০ শতাংশ অবিক্রীত থাকবে। এ অবস্থার পরিবর্তনের জন্য তাঁতিদের প্রতি সরকারকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে।