নির্বাচন নিয়ে অনিশ্চয়তা এখনো না কাটলেও নোয়াখালীতে ঈদুল আজহায় গরম ছিল প্রধান দুই রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনী রাজনীতি। নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অনড় থাকলেও ভোটের রাজনীতির মাঠে ঠিকই সক্রিয় বিএনপি। অন্যদিকে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা আগেভাগেই এক মঞ্চে উঠে দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার ঘোষণা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। জেলার ভিআইপি আসন হিসেবে পরিচিত নোয়াখালী-৫ ( কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে প্রধান দুই দলের দুই প্রার্থীর মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অসুস্থতার কারণে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন।
তবে যোগাযোগমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের এলাকায় ঈদ উদ্যাপন করে নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। যোগ দিয়েছেন নির্বাচনী এলাকা এবং এলাকার বাইরে একাধিক জনসভা ও পথসভায়ও।
নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনে ঈদের আগেই আওয়ামী লীগের পক্ষে এলাকায় গণসংযোগ করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ ছাড়া ঈদ উপলক্ষে এ আসনে গণসংযোগ করেন বিগত সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী এ এইচ এম ইব্রাহিম।
এ আসনে বিএনপির নেতাদের মধ্যে বর্তমান সাংসদ মাহবুব উদ্দিন ঈদ উপলক্ষে চাটখিল ও সোনাইমুড়ীতে দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একইভাবে আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক সাংসদ আইনজীবী সালাহ্ উদ্দিন কামরানও এলাকায় গণসংযোগ করেছেন বলে জানিয়েছেন। নোয়াখালী-২ ( সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনে বর্তমান বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক দলের একমাত্র সম্ভাব্য প্রার্থী হিসেবে ঈদের আগে ও পরে এলাকায় গণসংযোগ করেন এবং একাধিক স্থানে পথসভা করেন। এ আসনে আওয়ামী লীগের বিগত নির্বাচনে দলীয় প্রার্থী জামালউদ্দিন আহমেদ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি নৌকায় ভোট চেয়ে এরই মধ্যে বিভিন্ন স্থানে বেশ কিছু ডিজিটাল ফেস্টুনও লাগিয়েছেন।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বিএনপির বর্তমান সাংসদ বরকত উল্লা, আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি এ টি এম এনায়েত উল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ এবং বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের ছোট ভাই মিনহাজ আহমেদ ঈদে বিভিন্ন এলাকায় ঘুরে একাধিক অনুষ্ঠানেও যোগ দেন।
নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সাংসদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এলাকায় ঈদ উদ্যাপনের পাশাপাশি বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোহামঞ্চদ শাহজাহানও ঈদের আগে-পরে গণসংযোগ করেন। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির সাবেক ও বর্তমান স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম ঈদে এলাকায় দান-খয়রাতের পাশাপাশি শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে গণসংযোগ করেন। একইভাবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক সাংসদ মোহামঞ্চদ আলী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে ঈদে গণসংযোগ করেন।