ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম স্টেশনে গতকাল বৃহস্পতিবার দুটি আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে। চাহিদা কম থাকায় আরও ছয়টি ট্রেনের কিছু টিকিট গতকাল সন্ধ্যা পর্যন্ত অবিক্রীত রয়ে গেছে।ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম স্টেশনের কাউন্টার থেকে প্রতিদিন তিন হাজার ৮০০ টিকিট বিক্রি করার সিদ্ধান্ত হয়। গতকাল সকালে ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আটটি ট্রেনের টিকিট চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়া হয়েছে।সরেজমিনে দেখা গেছে, গতকাল চট্টগ্রাম স্টেশনে ঘরমুখী যাত্রীদের চাপ ছিল কম। গতকাল সকালে বিভিন্ন গন্তব্যের ২ নভেম্বরের টিকিট ছাড়া হয়। ওই দিন বুধবার। পরদিন বৃহস্পতিবার আরেকটি কার্যদিবস থাকায় ২ নভেম্বরের টিকিটের চাহিদা কম ছিল বলে জানা গেছে। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা, সিলেট ও চাঁদপুরগামী আন্তনগর ও এক্সপ্রেস আটটি ট্রেনের টিকিট চট্টগ্রাম থেকে ছাড়া হয়। ট্রেনগুলো হচ্ছে: ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস, মহানগর প্রভাতী, চট্টলা এক্সপ্রেস, মহানগর গোধূলী ও তূর্ণা নিশীতা, সিলেটগামী পাহাড়িকা ও উদয়ন এক্সপ্রেস এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস।রেলওয়ে সূত্র জানায়, গতকাল সুবর্ণতে ৫৭০, তূর্ণা নিশীতায় ৫৩৭ এবং মহানগর গোধূলীতে ৫৮২, মহানগর প্রভাতীতে ৩৫৬, চট্টলায় ৩৩৩, পাহাড়িকায় ৪৪১, উদয়ন এক্সপ্রেসে ৪৩০টি টিকিট বিক্রির জন্য উন্মুক্ত করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রোকনুজ্জামান প্রথম আলোকে বলেন, (বৃহস্পতিবার) সকাল নয়টায় আমাদের কাউন্টার থেকে টিকিট বিক্রি শুরু হয়। ১১টার মধ্যে ২ নভেম্বরের তূর্ণা নিশীতার টিকিট বিক্রি শেষ হয়েছে। বিকেলে শেষ হয় আন্তনগর গোধূলীর টিকিট। অন্যান্য ট্রেনের কিছু টিকিট অবিক্রীত রয়ে গেছে। তবে ৩ নভেম্বরের টিকিটের জন্য যাত্রীদের চাপ বেশি থাকতে পারে বলে আমাদের ধারণা। কারণ ওই দিন সপ্তাহের শেষ কার্যদিবস। ঘরমুখী মানুষের গন্তব্যে যাওয়ার চাপ থাকবে বেশি। রেলওয়ে সূত্র জানায়, ট্রেনের মোট ধারণক্ষমতার ৬৫ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টার থেকে ছাড়া হয়েছে। ২৫ শতাংশ টিকিট বিক্রি করছে মুঠোফোন কোম্পানিগুলো। বাকি ১০ শতাংশের মধ্যে ৫ শতাংশ অতি গুরুত্বপূর্ণ যাত্রী (ভিআইপি) ও ৫ শতাংশ রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য সংরক্ষণ করা হয়েছে।