ঈদের আইনশৃঙ্খলায় খুশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়
ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় খুশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এতে তাঁরা তৃপ্ত থাকতে চান না—এ কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, সন্ত্রাস, জঙ্গি ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁদের লড়াই চলবে।গতকাল সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মচারীদের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একই অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেন, শুধু ঈদ নয়, প্রতিটি মুহূর্তে প্রতিটি জনগণকে নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, যেসব রাজনৈতিক দল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চায়—তাদেরও উচিত এ জন্য কিছু অবদান রাখা। যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যারা আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চেয়েছিল, তারা ব্যর্থ হয়েছে উল্লেখ করে শামসুল হক বলেন, সরকারের কৌশল এবং গণমাধ্যমের আগাম খবরের কারণে তারা ব্যর্থ হয়েছে।