ঈদের আগে অষ্টম ওয়েজ বোর্ড গঠন ও ঘোষণার দাবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের আশ্বাস অনুযায়ী আসন্ন ঈদুল আজহার আগেই অষ্টম ওয়েজ বোর্ড গঠন ও ঘোষণা করার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।গতকাল বুধবার এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব সাইফুল ইসলাম তালুকদার এবং ১০টি অঙ্গপ্রতিষ্ঠানের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা এ বিবৃতি দেন।বিবৃতিতে তাঁরা বলেন, সংবাদপত্রের উন্নয়নে বর্তমান সরকারের অবদান সাংবাদিকেরা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। সাংবাদিকেরা আশা করেন, সার্বিক জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত অষ্টম ওয়েজ বোর্ড গঠন এবং বোর্ড কর্তৃক ১০০ শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। যেসব প্রতিষ্ঠান সপ্তম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা।বিবৃতিতে স্বাক্ষরকারী ১০টি অঙ্গপ্রতিষ্ঠান হলো: ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, যশোর, বগুড়া, দিনাজপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।