ঈদের আগে ইলিয়াস আলীর সন্ধান দাবি
ঈদুল ফিতরের আগে বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বিএনপির অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীরা গতকাল বুধবার এসব কর্মসূচির আয়োজন করেন। এদিকে ইলিয়াস আলীর সন্ধান কামনায় গতকাল জেলার বিশ্বনাথ উপজেলায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।এম ইলিয়াস আলী গত বছরের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালকসহ নিখোঁজ হন। নিখোঁজের ১৫ মাস অতিবাহিত হওয়ার দিন উপলক্ষে গতকাল বিকেলে নগরের পূর্ব ধোপাদীঘিরপাড় এলাকা থেকে মিছিল বের করা হয়। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সামছুজ্জামান। এতে জেলা বিএনপির সহসভাপতি আশিক উদ্দিন, মহানগর বিএনপির কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী, জেলা বিএনপির কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, সিলেটের মানুষ ১৫ মাস ধরে ইলিয়াস আলীর প্রতীক্ষায় প্রহর গুনছে। সরকারকে ঈদুল ফিতরের আগেই এম ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে হবে। অন্যথায় ঈদের পর কঠোর আন্দোলন শুরু করা হবে।বিশ্বনাথ উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি দিলদার হোসেন প্রধান অতিথি ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন। এতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গাফফার, দপ্তর সম্পাদক মঈনুল হক, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এমরান আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক লিলু মিয়া, আবদুল হাই প্রমুখ বক্তব্য দেন।