ঈদের আগে ও পরে পাঁচ দিন ভারী যান চলাচল বন্ধের সিদ্ধান্ত
ঈদুল ফিতরের সময় মহাসড়ক যানজটমুক্ত রাখার লক্ষ্যে ঈদের তিন দিন আগে এবং পরে দুদিন ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার বিভিন্ন পরিবহন মালিক সমিতি এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংস্কারের ব্যাপারে মালিক সমিতির নেতারা এখনো সন্তুষ্ট হতে পারেননি বলে জানা গেছে। তাঁরা ঈদের পরে এ ব্যাপারে পরবর্তী কর্মসূচির কথা ভাববেন বলে জানিয়েছেন।
অতিরিক্ত মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুর রহমান বলেন, ‘ঈদের সময় জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং রাস্তা যানজটমুক্ত রাখার স্বার্থে আমরা পরিবহন মালিক সমিতির নেতাদের ভারী চলাচল বন্ধ রাখার অনুরোধ জানিয়েছি। তাঁরা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’
আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির সহসভাপতি মো. আবু মোজাফফর বলেন, ‘ঈদের সময় সাধারণ মানুষের নিরাপদ চলাচলের স্বার্থে আমাদের পণ্যবাহী যানগুলো ঈদের আগে ও পরে পাঁচ দিন চলাচল বন্ধ রাখার ব্যাপারে একমত হয়েছি।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কারের ব্যাপারে জানতে চাইলে মালিক সমিতির নেতা মোজাফফর বলেন, ‘মহাসড়কের বেহাল দশার কারণে মাঝপথে আমাদের গাড়ি বিকল হচ্ছে, টায়ার ফেটে যাচ্ছে। এ সড়ক এখনো পুরোপুরি সংস্কার করা হয়নি। আমরা আপাতত ঈদের সময় কোনো কর্মসূচি দিচ্ছি না।’