ঈদের আগে কার্যক্রম শুরু নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরিশাল বিভাগের ছয়টি জেলার ৪ লাখ ৮০ হাজার ২৮২টি পরিবার ১০ টাকা কেজি দরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল পাবে।

 কিন্তু বরিশাল বিভাগে উপকারভোগী পরিবারের তালিকা প্রণয়ন ও চাল বিক্রির জন্য ডিলার নিয়োগের কার্যক্রম মন্থরগতিতে চলায় ঈদের আগে এই বিভাগে কার্যক্রম শুরু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খাদ্য বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তারা। গতকাল সোমবার প্রথম আলোকে তাঁরা এই সংশয়ের কথা জানান।

সরকারিভাবে ৭ সেপ্টেম্বর থেকে দেশের সর্বত্র ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা কেজি দরে পাঁচ মাস ৩০ কেজি করে চাল দেওয়ার কার্যক্রম শুরু হবে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বলে কথা রয়েছে।

বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় এই কর্মসূচি শুরু করার বিষয়ে সব প্রস্তুতি নেওয়া হলেও উপকারভোগী পরিবারের তালিকা এখনো পুরোপুরি হাতে পায়নি তারা। এ জন্য বিভাগের ছয় জেলার ৩৫৫টি ইউনিয়নে ৬৬৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। প্রতি ৫০০ উপকারভোগীর জন্য একজন করে ডিলার নিয়োগ দেওয়ার বিধান অনুযায়ী ছয় জেলায় ৯৬০ জন ডিলার নিয়োগ দেওয়া হবে।

কর্মসূচির আওতায় বরিশালে ১ লাখ ৬০ হাজার ৩৯৬টি পরিবার, বরগুনায় ৫৪ হাজার ৬১৮, ভোলায় ৮২ হাজার ৯৯৯, ঝালকাঠি জেলায় ৩০ হাজার ৭৬৪, পিরোজপুরে ৩৩ হাজার ৪২১ এবং পটুয়াখালী জেলায় ১ লাখ ১৮ হাজার ৮৪টি পরিবার এই সহায়তা পাবে।

প্রাথমিকভাবে সেপ্টেম্বর থেকে নভেম্বর তিন মাস এবং আগামী বছরের মার্চ থেকে এপ্রিল—এই পাঁচ মাস সরকারি এই বিশেষ সহায়তা পাবে দরিদ্র পরিবারগুলো।

হতদরিদ্রদের তালিকা প্রণয়নের জন্য উপজেলা খাদ্য কর্মকর্তাকে প্রধান করে সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, সব ইউপি সদস্য, স্থানীয় দুজন গণ্যমান্য ব্যক্তি এই কমিটির সদস্য থাকবেন। কমিটির সদস্যসচিব থাকবেন সংশ্লিষ্ট ইউনিয়নের ইউপি সচিব। এই কমিটি হতদরিদ্র পরিবারের তালিকা প্রণয়নের পর তা উপজেলা যাচাই-বাছাই কমিটির কাছে পাঠাবে। যাচাই-বাছাই কমিটির প্রধান উপদেষ্টা থাকবেন সংশ্লিষ্ট এলাকার সাংসদ। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যানও এই কমিটির উপদেষ্টা থাকবেন। কমিটির সভাপতি থাকবেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ ছাড়া উপজেলা কৃষি, সমাজসেবা, পরিসংখ্যান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ও উপজেলা ভাইস চেয়ারম্যানরা এই কমিটির সদস্য এবং উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

যাচাই-বাছাই কমিটি তালিকা অনুমোদন, ডিলার নিয়োগ, খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করবে।

উপকারভোগী পরিবারেরর তালিকাভুক্তির নীতিমালায় বলা হয়েছে, ২০১১ সালের আদমশুমারি ও ২০১৬ সালে পরিসংখ্যান ব্যুরো প্রণীত হতদরিদ্রদের তালিকা বিবেচনায় নিয়ে বিশেষ এই কর্মসূচির উপকারভোগী নির্ধারণ করতে হবে। এতে বলা হয়েছে, উপকারভোগী ব্যক্তি অবশ্যই ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হবেন এবং তাঁর জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। নারীপ্রধান বিশেষ করে বিধবা, স্বামী পরিত্যক্তা এবং যেসব দুস্থ পরিবারে শিশু আছে, তাদের এই তালিকায় অগ্রাধিকার দেওয়ার কথা বলা আছে।

এদিকে, উপকারভোগী পরিবারেরর তালিকা প্রণয়নে বিলম্ব হওয়ায় এই বিভাগে কোরবানির ঈদের আগে এই কার্যক্রম শুরু করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ, অনেক জেলায় এখনো উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা পায়নি খাদ্য বিভাগ। বরগুনা জেলা খাদ্যনিয়ন্ত্রক মো. শহিদুল ইসলাম গতকাল সোমবার দুপুরে বলেন, জেলার ৪২টি ইউনিয়নের মধ্যে গতকাল পর্যন্ত তিনি ১৩টি ইউনিয়নের তালিকা হাতে পেয়েছেন। অর্থাৎ এই জেলায় ৫৪ হাজার ৬১৮টি উপকারভোগী পরিবারের মধ্যে মাত্র ১৬ হাজার ৮৯৫টির নাম পাওয়া গেছে। এখন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ বিষয়ে সহযোগিতা না করলে তাঁদের করার কিছু নেই।

পাথরঘাটা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক এ পর্যন্ত এই উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটির তালিকা হাতে পেয়েছেন। এ অবস্থা চলতে থাকলে ঈদের আগে এই কার্যক্রম শুরু করার কোনো সম্ভাবনা নেই।

পটুয়াখালী ও বরিশাল জেলায় তালিকা প্রণয়নের ক্ষেত্রে ধীরগতি থাকলেও তা স্বীকার করেননি দুই জেলার দায়িত্বপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মো. ফারুক হোসেন। তিনি গতকাল দুপুরে বলেন, ‘আমার দুই জেলার তালিকা প্রণয়নের কাজ প্রায় শেষ। কোনো সমস্যা নেই।’ তালিকা পেতে বিলম্বের কথা জানিয়ে ঝালকাঠির রাজাপুর উপজেলা খাদ্য কর্মকর্তা এ কে এম জাহাঙ্গীর কবির গতকাল বলেন, ‘চেয়ারম্যান সাহেবদের সহযোগিতা না পেলে কোনোভাবেই ঈদের আগে এই কার্যক্রম শুরু করা সম্ভব হবে না। তবে তালিকা করার ক্ষেত্রে মাঠপর্যায়ে চেয়ারম্যান-মেম্বারদের নানা জটিলতা আছে। এ কারণে তালিকা প্রণয়ন কার্যক্রমে আমাদের দেরি হচ্ছে।’

বরিশাল বিভাগীয় আঞ্চলিক খাদ্যনিয়ন্ত্রক মো. আমজাদ হোসেন গতকাল সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, ‘৭ সেপ্টেম্বর বিভাগের সব ইউনিয়নে এই কর্মসূচি শুরু করার ব্যাপারে আমাদের সব প্রস্তুতি নেওয়া আছে।’ তিনি আরও দাবি করেন, ‘বিভাগের ছয় জেলায় ৩ লাখ ৬৬ হাজার উপকারভোগীর তালিকা হয়ে গেছে। বাকিটা দুয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি। এ জন্য সবাইকে তাগাদা দেওয়া হচ্ছে।’