ঈদের আগে গ্যাস পাচ্ছে না পাবনাবাসী
প্রধানমন্ত্রীর নির্দেশের দুই মাস পরও পাবনায় বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়নি। দরপত্রের জটিলতায় রাইজার সংকটে আটকে আছে সংযোগের কাজ। ফলে রমজান মাসে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।
পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন সংযোগের জন্য রাইজার পেতে আরও ৪০-৪৫ দিন সময় লাগবে। ফলে ঈদের আগেও গ্যাস পাচ্ছে না পাবনাবাসী।
পশ্চিমাঞ্চল গ্যাসের পাবনা কার্যালয় ও গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাবনায় প্রায় ৪০০ গ্রাহক গ্যাস সংযোগ গ্রহণের সব কার্যক্রম সম্পন্ন করেছেন। তাঁরা সংযোগ ফিসহ সব টাকা পরিশোধ করেছেন। এদিকে গত ৭ মে প্রধানমন্ত্রী নতুন সংযোগ প্রদানের নির্দেশ দেওয়ার পর জেলার আরও প্রায় ১২ হাজার গ্রাহক আবেদন ফরম উত্তোলন করেছেন। আবেদন জমা পড়েছে এক হাজার। কিন্তু দরপত্র জটিলতায় এখনো নতুন সংযোগের জন্য রাইজার পায়নি পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ। ফলে প্রধানমন্ত্রীর নির্দেশের পরও গত দুই মাসে পাবনায় নতুন কোনো গ্যাস সংযোগ দেওয়া যায়নি।
নাম প্রকাশ না করার শর্তে পশ্চিমাঞ্চল গ্যাসের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, প্রথমে কয়েকটি জেলায় রাইজার কেনার জন্য যৌথভাবে একটি দরপত্র আহ্বান করা হয়। পরে তা বাতিল করে বিভিন্ন অঞ্চলের জন্য আলাদাভাবে রাইজার কেনার দরপত্র আহ্বান করা হয়। ২৪ জুলাই দরপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর রাইজার পেতে আরও এক মাস সময় লাগবে। ফলে ঈদের আগে পাবনায় নতুন গ্যাস সংযোগের সম্ভাবনা নেই।
গ্রাহকেরা জানান, নতুন গ্যাস সংযোগের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশের পরই দেশের বিভিন্ন জেলায় গ্যাস সংযোগ দেওয়া হচ্ছে। ঢাকায় প্রায় এক লাখ অবৈধ গ্রাহককে বৈধতা দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন অজুহাতে পশ্চিমাঞ্চল গ্যাস কর্তৃপক্ষ পাবনার বৈধ গ্রাকহদের সংযোগ দিচ্ছে না।
শহরের পৈলানপুর মহল্লার বাসিন্দা সালেহ আহমেঞ্চদ বলেন, ‘সরকার গ্যাস সংযোগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণের পরই গ্যাস অফিসে দৌড়াদৌড়ি শুরু করছি। কিন্তু এখনো সংযোগ পাইনি।’
শালগাড়িয়া মহল্লার আখিনূর ইসলাম বলেন, ‘দীর্ঘদিন বন্ধ থাকলেও ভেবেছিলাম রমজান মাসে গ্যাস সংযোগ পাব। কিন্তু এ মাসেই সংযোগ পাওয়ার কোনো আশা দেখছি না।’
পশ্চিমাঞ্চল গ্যাসের পাবনা কার্যালয়ের ব্যবস্থাপক ফজলে আলম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশের পর আমরা সাধ্যমতো চেষ্টা করছি। ইতিমধ্যেই প্রায় ৮০০ বাড়িতে বর্ধিত চুলার কাজ শেষ করা হয়েছে। রাইজার পেলেই নতুন সংযোগ দেওয়া হবে।’