ঈদের আগে জামিনে মুক্তির হার দ্বিগুণ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আগে চট্টগ্রামের আদালতে জামিনের আবেদনের সংখ্যা বেড়ে গেছে। অনেককে জামিনও দিচ্ছেন আদালত। এ সুযোগে কিছু সন্ত্রাসীও বের হয়ে যাচ্ছে। গণহারে জামিনে মুক্তি পাওয়ায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা করছে পুলিশ।কারা সূত্র জানায়, গত সোমবার ১১২ জন আসামি চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পায়, যা স্বাভাবিক সময়ের প্রায় দ্বিগুণ। অন্য সময় গড়ে প্রতিদিন ৬০ জন করে আসামি জামিন পায়। ঈদের আগে দুই কার্যদিবসে জামিনের হার আরও বেড়ে যেতে পারে।কারা সূত্র জানায়, চলতি সপ্তাহে জামিনে মুক্তি পাওয়া আসামিদের মধ্যে কয়েকজন তালিকভুক্ত সন্ত্রাসী রয়েছে। এদের মধ্যে আজিজুল হক ওরফে লালু ডাকাতকে গত রোববার কারাফটক থেকে জেলা পুলিশ আটক করে। হাটহাজারি থানার তালিকাভুক্ত সন্ত্রাসী নাসির ওরফে পাং নাসির ওরফে লম্বা নাসির জামিনে ছাড়া পেয়ে পালিয়ে গেছেন। তিনিও একই দিন জামিনে মুক্তি পান।চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. জেড এ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘তিন দিন আগে আজিজ নামের একজন ডাকাত সর্দারকে আমরা কারাগারের পাশের এলাকা থেকে আটক করেছি। পুলিশের তালিকাভুক্ত কারাবন্দী দাগি সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা নজরদারি আছে। আইনশৃঙ্খলার স্বার্থে ঈদের আগে দাগি সন্ত্রাসী বের হলে আমরা আটক করব।’কারাগার থেকে বেশি আসামির জামিনে মুক্তির বিষয়টি স্বীকার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক (জেল সুপার) মো. আলতাব হোসেন বলেন, ‘আদালত থেকে জামিননামা এলেই আমরা সংশ্লিষ্ট আসামিদের ছেড়ে দিই। দাগি সন্ত্রাসীর জামিন পাওয়ার খবর আমরা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই।’ চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ বলেন, ঈদের আগে আসামিপক্ষের আইনজীবীরা তাঁদের মক্কেলের জন্য বিচারকের দয়া ও করুণা চান। এ ক্ষেত্রে বিচারক নমনীয় মনোভাব পোষণ করেন। এ সুযোগে বেশি আসামি জামিন পাচ্ছে। চট্টগ্রাম কারাগারে সাড়ে পাঁচ হাজার থেকে সাত হাজার আসামিকে রাখা হয়। ঈদের আগে জামিনের হার বাড়ায় আসামির সংখ্যা অনেক কমে গেছে। গতকাল দুপুর পর্যন্ত কারাগারে আসামির সংখ্যা পাঁচ হাজার ৮৬ জনে নেমে আসে। এ সংখ্যা আরও কমতে পারে। এ কারাগারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ২৭ জঙ্গি ও ছাত্রশিবির ও জামায়াতের ১২৯ জন নেতা-কর্মী আছেন।নগর পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত উপকমিশনার মো. শামসুল হক বলেন, জামিনে বেরিয়ে যাওয়া বড়মাপের সন্ত্রাসীদের আটকের ব্যাপারে নির্দেশনা আছে। তবে অন্য যেসব সন্ত্রাসী বেরিয়ে যাচ্ছে তাদের কর্মকাণ্ডের ওপর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।