ঈদের আগে জামিনের হিড়িক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আদালত থেকে এক দিনে প্রায় তিন শ আসামি জামিন পেয়েছেন। তাঁদের মধ্যে খুনের মামলার আসামিও আছেন। ঈদের কথা তুলে ধরে আসামিদের আইনজীবীরা আদালতে জামিনের আরজি তুলে ধরেন। আদালত তাঁর আদেশেও বলেছেন, ঈদ দরজায় কড়া নাড়ছে বলেই সার্বিক বিবেচনায় জামিন দেওয়া হচ্ছে।

 গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে আদালতের শেষ কর্মদিবস। এ দিন ২৯৩ জন আসামি জামিন পান। এর মধ্যে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পান ২৬৩ জন। আর ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন ৩০ জন।

আদালত-সংশ্লিষ্টরা বলছেন, আদালতের নিয়মিত প্রবাহের তুলনায় জামিন পাওয়ার এ সংখ্যাটি বেশিই। ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে জামিন পেয়েছেন ১১৭ জন। তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার জামিন হয়েছে ৯০ জনের।

নথিতে দেখা গেছে, বৃহস্পতিবার জামিন পাওয়া আসামিদের অধিকাংশ মাদক-সংক্রান্ত মামলার আসামি। এ ছাড়া খুন, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও মানবপাচারের মামলার আসামিরাও জামিন পেয়েছেন।

ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার প্রথম আলোকে বলেন, ঈদের অজুহাতে দুর্ধর্ষ সন্ত্রাসী, হত্যাকারী, ধর্ষক, মাদক ব্যবসায়ীদের জামিন দেওয়া উচিত না। খুনের মামলার আসামিরা জামিন পেলে নিহত ব্যক্তির স্বজনেরা হুমকির মধ্যে থাকেন।

খুনের মামলার আসামিরও জামিন পাওয়ার ব্যাপারে জানতে চাইলে, ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের সহকারী কমিশনার নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, তিনি আদালতে আসামিদের জামিনের বিরোধিতা করে বক্তব্য উপস্থাপন করেছেন। দুই পক্ষের কথা শোনার পর আদালত আদেশ দেন।

খোঁজ নিয়ে জানা গেছে, খুনের মামলার আসামির জামিন হওয়ায় বাদীপক্ষের লোকজন ভয়ে আছেন। আসামিরা গ্রেপ্তার হওয়ার পর মামলা তুলে নিতে হুমকি দেওয়া হয়েছে। মামলার নথি থেকে জানা গেছে, ২০০৫ সালের ৮ মে রাজধানীর বাড্ডা এলাকায় রুবেল হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিরর মা নাছিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। গত বছরের ১ সেপ্টেম্বর ওমর ফারুক ওরফে পিচ্চি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা তাঁকে জামিন দেন। পিচ্চি আল আমিনের বিরুদ্ধে খুন, অস্ত্র, মাদক, চাঁদাবাজিসহ ১০টি মামলা রয়েছে।