ঈদের আগে ত্রাণের চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ হাজার পরিবার ঈদের আগে চলতি আগস্ট মাসের ত্রাণের চাল পাবে কি না, তা অনিশ্চিত। উপজেলার দুটি খাদ্যগুদামে চালের পর্যাপ্ত মজুত না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের বোরো মৌসুমে অকালবন্যায় এই উপজেলায় সব কটি হাওরের ফসল পানিতে তলিয়ে যায়। এ অবস্থায় সরকার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় জুন মাস থেকে ত্রাণের চাল ও অর্থ বিতরণ কার্যক্রম শুরু করে। ত্রাণের আওতায় এ উপজেলায় ২৩ হাজার ৮৪টি সুবিধাভোগী পরিবার রয়েছে।

ক্ষতিগ্রস্ত এসব কৃষক, মৎস্যজীবী ও দরিদ্র মানুষের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আগস্ট মাসে প্রতিটি পরিবারকে ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা বিতরণ করার কথা। ঈদুল আজহার আগে অর্থাৎ ৩১ আগস্টের মধ্যে এই চাল বিতরণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু উপজেলার ধরমপাশা ও মধ্যনগর খাদ্যগুদাম দুটিতে চালের পর্যাপ্ত মজুত নেই। তাই ধরমপাশা সদর (একাংশ), পাইকুরাটি, সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ, বংশীকুণ্ডা উত্তর, বংশীকুণ্ডা দক্ষিণ ও চামরদানী ইউনিয়নের ১৪ হাজার ২০টি পরিবারে নির্ধারিত সময়ের মধ্যে ত্রাণের চাল বিতরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের কৃষক কাছা মিয়া বলেন, ‘ইবার জমির বেক ধান তল অইছে। সংসার লইয়া বড় মছিবতে আছি। সরকার থাইক্যা চাউল ও টেহা দেওয়ায় কুনু রকমে দুই বেলা খাইয়া না খাইয়া চলতাছি। সরকারি চাউলডা ঈদের আগে ফাইলে উফকার অইত।’

সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, খাদ্যগুদামে চাল না থাকায় তাঁর ইউনিয়নে বরাদ্দ পাওয়া চাল তুলতে পারেননি। দ্রুত এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।

উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদ বলেন, ঈদুল আজহার আগেই ক্ষতিগ্রস্ত মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সুনামগঞ্জ জেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. জাকারিয়া মোস্তফা বলেন, বিদেশ থেকে আমদানি করা চাল চট্টগ্রাম বন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে পৌঁছেছে। এখানে এক হাজার টন চাল রয়েছে। এটা সুনামগঞ্জ জেলার জন্য। এই চালগুলো দ্রুত খাদ্যগুদামে সরবরাহ করার ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন।