ঈদের আগে পরে ছয় দিন পণ্যবাহী যান চলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগে ও পরে ছয় দিন মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে। আজ শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগর এবং জিংলাতলীতে তিন কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি সেতু উদ্বোধনকালে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।

মন্ত্রী বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখতে ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন মহাসড়কে ভারী পণ্যবাহী যান চলাচল করবে না। তবে গার্মেন্টস পণ্য ও পচনশীল পণ্যবাহী গাড়ি এই নির্দেশনার বাইরে থাকবে।
মন্ত্রী ঈদ উপলক্ষে নিরাপদে যানবাহন চলাচলে ও ঘরমুখী মানুষের যেন কোনো অসুবিধা না হয় সে জন্য স্থানীয় পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ও হাইওয়ে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।